পাবিপ্রবি উপাচার্যের মেয়াদের শেষ দিনেও ক্যাম্পাসে আন্দোলন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম রুস্তম আলীর মেয়াদের শেষ দিনেও আজ রোববার ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।
উপাচার্যের বিরুদ্ধে নিয়োগে অনিয়মসহ দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীদের একাংশ আজ সকালে ক্যাম্পাসে ঝাড়ু হাতে 'ধিক্কার মিছিল' করেছেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে সমাবেশ করে।
বিশ্ববিদ্যালয়ের সূত্রগুলো জানায়, মেয়াদের শেষ এক মাসের উপাচার্য বেশিরভাগ সময় ক্যাম্পাসে অনুপস্থিত ছিলেন। শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলনের মুখে গত ১০ ফেব্রুয়ারি উপাচার্যের মেয়াদের শেষ রিজেন্ট বোর্ডের বৈঠক পণ্ড হওয়ার পর ওই মাসের শেষ সপ্তাহে উপাচার্য একবার ক্যাম্পাসে এসেছিলেন। সেদিনও আন্দোলনের মুখে তাকে ক্যাম্পাস ছাড়তে হয়।
পাবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিস্টার ড. বিজন কুমার ব্রহ্ম দ্য ডেইলি স্টারকে বলেন, শেষ রিজেন্ট বোর্ডের বৈঠকটি না হওয়ায় চাকরিপ্রার্থীদের অনেকেই বঞ্চিত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চাকরি সংক্রান্ত নানা বিষয় অমিমাংসিত থাকায় সবার ভেতরে ক্ষোভ আছে।
আজকের মিছিল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, নিশ্চিত করে বলা যাচ্ছে না তারা কেন বিক্ষোভ করছেন।
শিক্ষা মন্ত্রণালয় নতুন উপাচার্য বা চলতি কাজের দায়িত্ব না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদ ফাঁকা থাকবে বলে তিনি জানিয়েছেন।