শহীদ মিনারে একসঙ্গে ৫ জনের বেশি না, সঙ্গে রাখতে হবে টিকা সনদ
চলমান কোভিড-১৯ মহামারি পরিস্থিতিতে জনসমাগম এড়িয়ে গত বছরের মতো এই বছরও সংগঠন ও প্রতিষ্ঠান পর্যায়ে সর্বোচ্চ ৫ জন এবং ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ ২ জন একসঙ্গে শহিদ মিনারের বেদিতে ফুল দিতে পারবেন বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।
এছাড়া কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা সবাইকে করোনাভাইরাসের টিকা সনদ সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
আজ শুক্রবার অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
শহীদ মিনারে ফুল দিতে আসা সবাইকে অবশ্যই যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে মাস্ক পরতে হবে এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে বলেও জানান তিনি।
যে পথে প্রবেশ করে ফুল দিতে যাবেন :
সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পলাশী মোড় থেকে শহীদ মিনার পর্যন্ত রাস্তায় ৩ ফুট পর পর চিহ্ন থাকবে। এই চিহ্ন অনুসরণ করে সবাইকে পর্যায়ক্রমে শহীদ মিনারে যাওয়ার এবং পুষ্পস্তবক অর্পণের অনুরোধ জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এছাড়া, বিভিন্ন প্রবেশপথে স্বেচ্ছাসেবকরা হ্যান্ডমাইক দিয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে প্রচারণা চালাবেন। স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টিও তারা মনিটর করবেন বলে জানান তিনি।