সাউদার্ন ইউনিভার্সিটির ২য় সমাবর্তন ২৭ মার্চ
চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় সাউদার্ন ইউনিভার্সিটির ২য় সমাবর্তন আগামী ২৭ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে স্নাতক পর্যায়ে ২ হাজার ৫১০ জন এবং স্নাতকোত্তরে ৭৭৬ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হবে।
নগরীর বায়েজিদ এলাকায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ সমাবর্তনের আয়োজন করা হচ্ছে।
২য় সমাবর্তনে চ্যান্সেলর অনার রুল অ্যাওয়ার্ড পাচ্ছেন ১০ জন শিক্ষার্থী। এছাড়াও ভাইস—চ্যান্সেলর অনার রুল ৩৯ জন, ডিন অনার রুল ৩৮ জন এবং গ্রাজুয়েট অ্যাকাডেমিক এক্সিলেন্স পাচ্ছেন ৯ জন শিক্ষার্থী।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সাউদার্ন ইউনিভার্সিটির উপউপাচার্য ও সমাবর্তন আয়োজক কমিটির কো—কনভেনার অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরী এসব তথ্য জানান।
সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন কম্পিউটার বিজ্ঞানী, শিক্ষক, কলামিস্ট ও লেখক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।
এছাড়াও উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল মনসুর চৌধুরী, ব্যবসায় রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার ড. মো. মোজাম্মেল হক, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. ইসরাত জাহান প্রমুখ।
বর্তমানে সাউদার্ন ইউনিভার্সিটিতে ৩টি অনুষদের আওতায় ৯টি বিভাগে ব্যাচেলর এবং ৭টিতে মাস্টার্সসহ ১৫টি প্রোগ্রামে শিক্ষা কার্যক্রম চালু আছে।