কিশোরগঞ্জে বজ্রপাতে মা-মেয়ে নিহত
কিশোরগঞ্জের তাড়াইলে বজ্রপাতে মা ও মেয়ে নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার ভোরে উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা গ্রামে বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, উপজেলার বেলকা গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী আসমা আক্তার (৫৫) ও তাদের মেয়ে ইয়াসমিন আক্তার (৩৫)।
এলাকাবাসী ও পরিবারের বরাত দিয়ে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদিন সরকার জানান, মঙ্গলবার ভোরে আসমা তার মেয়ে ইয়াসমিনকে নিয়ে বাড়ির উঠানে ধান সিদ্ধ করছিলেন। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হয়। পরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।
খবর পেয়ে তাড়াইল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।