দিনাজপুরে কালবৈশাখীতে হাজারো বাড়ি বিধ্বস্ত, নিহত ১

নিজস্ব সংবাদদাতা, দিনাজপুর

দিনাজপুরের কয়েকটি উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে দেয়াল চাপা পড়ে এক কিশোরী নিহত ও কমপক্ষে এক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে আম, লিচু ও ধানসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় খোলা আকাশের নিচে বসবাস করছে এসব গ্রামের মানুষ।

ঝড়ের তাণ্ডবে দেয়াল চাপা পড়ে মারা যাওয়া কিশোরীর নাম উম্মে কুলসুম (১৩)। খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাঈল ও পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর আজ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করছেন।

তারা দেয়ালচাপা পড়ে ওই কিশোরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার রাতে পার্বতীপুর, নবাবগঞ্জ ও খানসামা উপজেলায় শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড় শুরু হয়। প্রায় ১০ মিনিট ধরে চলা এই ঝড়ে ঘরবাড়ি গাছ-পালাসহ আম, লিচু ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

ঝড়ের তাণ্ডবে বাড়িঘর হারিয়ে এখন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া গ্রামের বাসিন্দা উদরাই বাস্কে। দ্য ডেইলি স্টারকে তিনি জানান, গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ৯টার সময় কালবৈশাখী ঝড় ওই এলাকায় আঘাত হানলে সেখানকার প্রায় দেড়শ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। যার মধ্যে অধিকাংশ বাড়িই মাটির তৈরি। ঝড়টি প্রায় ২ মিনিট ধরে চলে বলে জানান তিনি।

কৃষি বিভাগ থেকে ফসলের ক্ষয়ক্ষতি নিরুপণ চলছে।