দিনাজপুরে বজ্রপাতে প্রাণ গেল শিশুর
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা বজ্রপাতে মারুফ হাসান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের বেগুনবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বুলাকিপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সামসুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মারুফ এই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের লাভলু-তাসলিমা দম্পতির প্রথম সন্তান। লাভলু ও তাসলিমা ঢাকায় পোশাক শ্রমিক হিসেবে কাজ করেন। যে কারণে শুরু থেকেই মারুফ তার নানা আবু তালেবের বাড়িতে থাকে।
আজ দুপুর আনুমানিক ১২টার দিকে শিশুটি তার নানার বাড়ির পাশের খেতে বেগুন তুলতে গিয়েছিল। বজ্রপাতে প্রথমে সে জ্ঞান হারিয়ে ফেলে। প্রতিবেশীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. পাথ জ্বীময় সরকার বলেন, দুপরে শিশুটিকে হাসপাতালে নিয়ে এসেছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। ধারণা করছি, বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।