ভারতীয় দূতাবাস ডেকেছিল, সুন্দর একটা সমাধান হয়ে যাবে: ফেরদৌস

শাহ আলম সাজু
শাহ আলম সাজু

প্রথম সিনেমা দিয়ে বাজিমাত করেন নায়ক ফেরদৌস। ওপার বাংলায়ও তিনি নায়ক হিসেবে সফল। চার বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আগামীকাল মঙ্গলবার থেকে নতুন সিনেমার শুটিং শুরু করবেন হঠাৎ বৃষ্টিখ্যাত নায়ক ফেরদৌস।

নতুন সিনেমার শুটিং, ভারতীয় ভিসা, চলচ্চিত্রের অস্থিরতা নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন তিনি।

ঢাকার সিনেমায় নেই কোনো সুখবর। এছাড়া কিছুদিন ধরে সিনেমা শিল্পে একটা অস্থির অবস্থা বিরাজ করছে। আপনার বক্তব্য কী?

আমাদের একতার প্রয়োজন। সিনিয়র শিল্পীদের সামনে নিয়ে, তাদের পরামর্শ মেনে, সামনে পথচলা উচিত। আমাদের সিনেমা হলের সংখ্যা দিনদিন কমছে। সিনেমা নির্মাণ কমছে ক্রমাগত। লগ্নিকারক কমছে। এজন্য সবার আগে প্রয়োজন আমাদের একতা। সিনেমার জন্যই এটা করা দরকার।

এদেশের সিনেমা শিল্পীদের বড় সংগঠন চলচ্চিত্র শিল্পী সমিতি। কোনো শিল্পী ভুল করলে তার জন্য আইন আছে। শিল্পী সমিতি কি আগেই রায় দিতে পারে?

কেউ যদি ভুল করে, যতক্ষণ পর্যন্ত তা প্রমাণ না হয়, যতক্ষণ পর্যন্ত আইন কোনো সিদ্ধান্ত না নেয়, ততক্ষণ পর্যন্ত শাস্তি দেওয়া ঠিক না। আবার শিল্পীর ক্ষেত্রেও বলব একজন শিল্পীকে ভালো মানুষ হতে হবে। সেটাই কাম্য। ব্যক্তিগত জীবন পাবলিক করা উচিত নয়। ব্যক্তিগত জীবনের প্রভাব যেন সমাজের ওপর না পড়ে। এটা মাথায় রেখে একজন শিল্পীর চলা উচিত।

একটা ভুল এক জীবনের সমস্ত অর্জন ধ্বংস করে দিতে পারে। এজন্য সাবধান হওয়া উচিত।

ঢালিউডের সফল নায়ক ছাড়াও ভারতীয় বাংলা সিনেমায় কাজ করছেন অনেক বছর ধরে। একটি বিশেষ কারণে আপনার ভিসা বাতিল হয়ে যায়। ভারতীয় ভিসা পাওয়ার বিষয়টি কোন অবস্থায় আছে?

ভারতীয় দূতাবাস আমাকে ডেকেছিল। আমি গিয়েছিলাম। তারপর কোভিড ও লকডাউন এসে একটু থেমে গেছে কাজটি। সুন্দর একটা সমাধান হয়ে যাবে। আমি ভুলের প্রায়শ্চিত্ত করেছি। ভুল স্বীকার করেছি। আশা করছি ভিসা পাব। নতুন করে ভারতে যেতে পারব। কাজও করতে পারব। ভারতীয় দূতাবাস ডেকেছিল, সুন্দর একটা সমাধান হয়ে যাবে বলে আমার বিশ্বাস।

নতুন সিনেমার জন্য ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন কবে থেকে?

আগামীকাল থেকে। হৃদি হকের পরিচালনায় মুক্তিযুদ্ধের একটি সিনেমায় অভিনয় করছি। সাভারে শুটিং করব। একজন অধ্যাপকের চরিত্রে দেখা যাবে আমাকে। সিনেমার নাম ১৯৭১ সেইসব দিন। এটি সরকারি অনুদানের সিনেমা।

এ ছাড়া, আফজাল হোসেন পরিচালিত মানিকের লাল কাঁকড়া নামের একটি সিনেমা করছি। একজন লেখকের চরিত্রে অভিনয় করছি এই সিনেমায়। ওটার কাজ সামনে হবে। সেই সঙ্গে রাসেলের জন্য অপেক্ষা নামে একটি সিনেমার শুটিং শুরু করব।