হৃদয়ের রেকর্ডময় ট্রিপল সেঞ্চুরি
আগের দিন দেশের বাইরে ডাবল সেঞ্চুরিতে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও শাহরিয়ার হোসেন বিদ্যুতের পাশে নাম লিখিয়েছিলেন তাওহিদ হৃদয়। এবার তাদের ছাড়িয়ে গেলেন এই ডানহাতি ব্যাটার। দেশের বাইরে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করলেন তিনি। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে প্রথম শ্রেণিতে এটি সব মিলিয়ে তৃতীয় ট্রিপল সেঞ্চুরির নজির।
২০০৭ সালে প্রথম শ্রেণিতে বাংলাদেশের হয়ে প্রথম ট্রিপল সেঞ্চুরি করেন রকিবুল হাসান। ফতুল্লায় জাতীয় লিগের ম্যাচে বরিশাল বিভাগের হয়ে সিলেট বিভাগের বিপক্ষে ৩১৩ রানের ঝলমলে ইনিংস খেলে ছিলেন তিনি। ১৩ বছর পর ২০২০ সালে বিসিএলে পূর্বাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের হয়ে তাকে ছাড়িয়ে অপরাজিত ৩৩৪ রান করেন তামিম ইকবাল। সেটিই এখন পর্যন্ত বাংলাদেশি ব্যাটারদের মধ্যে প্রথম শ্রেণিতে সর্বোচ্চ।
বুধবার পচেফস্ট্রুমে দ্বিতীয় অফিসিয়াল টেস্ট ম্যাচের শেষ দিনে তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে এই ছোট্ট অভিজাত ক্লাবে ঠাঁই পেলেন হৃদয়। ৪৫০ বল খেলে তিনি পূর্ণ করেন ট্রিপল সেঞ্চুরি।
আগের দিন বাংলাদেশ 'এ' দলের হয়ে ২০৪ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক হৃদয়। এদিন নেমে টেল এন্ডারদের নিয়ে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। নাঈম হাসান ও হাসান মুরাদের সঙ্গে ছোট দুই জুটির পর রেজাউর রহমান রাজাকে নিয়ে গড়েছেন বড় জুটি। এতে স্বাগতিকদের বিশাল পুঁজি ছাড়িয়ে ইতোমধ্যে বড় লিড নিয়েছে বাংলাদেশ 'এ' দল।
এই প্রতিবেদন লেখার সময়, প্রথম ইনিংসে বাংলাদেশ 'এ' দলের সংগ্রহ ৮ উইকেটে ৬১২ রান। হৃদয় ক্রিজে আছেন ৩০১ রানে। তার সঙ্গী রাজা খেলছেন ১৭ রানে। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৫১২ রান করে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা 'এ' দল। সবমিলিয়ে ম্যাচ এখন নিষ্প্রাণ ড্রয়ের দিকে এগোচ্ছে।