আগামী বছর মুক্তি পাবে আয়ুষ্মান-রাকুলের ‘ডক্টর জি’

স্টার অনলাইন ডেস্ক

আয়ুষ্মান খুরানা ও রাকুল প্রীত সিংয়ের 'ডক্টর জি' আগামী বছরের ১৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিনেমাতে আয়ুষ্মান খুরানা স্ত্রীরোগ বিশেষজ্ঞের চরিত্রে অভিনয় করছেন। ডক্টর জি-এর মুক্তির তারিখ ঘোষণা করে তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ২০২২ সালের ১৭ জুন সিনেমা হলে আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য প্রস্তুত হোন।

রাকুল এক বিবৃতিতে বলেছেন, ডক্টর জিতে কাজের অভিজ্ঞতা একেবারেই অন্যরকম ছিল। আমি একজন চিকিৎসকরে চরিত্রে অভিনয় করেছি। সেজন্য আমাকে চিকিৎসকদের আচরণ এবং তাদের কাজগুলো আয়ত্ব করতে হয়েছে। আমি চেষ্টা করেছি পর্দায় সেগুলোর বাস্তব উপস্থাপনে।

পরিচালক অনুভূতি কাশ্যপ বলেন, সিনেমার শুটিং শেষ হয়েছে। আমরা এখন সিনেমাটি প্রেক্ষাগৃহের জন্য প্রস্তুতি নিচ্ছি। আয়ুষ্মান, রাকুল, শেফালী ডক্টর জি'র পুরো দলের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমি আনন্দিত। যারা আমার পাশে ছিলেন তাদের কাছে কৃতজ্ঞ থাকব।