আবারও পেছালো আমির খানের ‘লাল সিং চাড্ডা’র মুক্তি
আমির খান ও কারিনা কাপুর অভিনীত দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা লাল সিং চাড্ডার মুক্তির তারিখ আবারও পেছানো হয়েছে।
আজ শনিবার ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগেও কয়েক দফায় সিনেমাটির মুক্তির তারিখ পেছানো হয়। নতুন করে আগামী বছর ১৪ এপ্রিলে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ।
এর আগে, সিনেমাটি চলতি বছরে ক্রিসমাসে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছিল। এরপর সেপ্টেম্বরে নির্মাতারা ঘোষণা দিয়েছিলেন আগামী বছরের ভ্যালেন্টাইনস ডে'তে (১৪ ফেব্রুয়ারি) এটি মুক্তি পাবে। তবে, অজ্ঞাত কারণে নতুন করে আবারও পেছানো হলো লাল সিং চাড্ডার মুক্তির তারিখ।
বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইট করে নতুন মুক্তির তারিখ ঘোষণা করেছেন। তার মতে, লাল সিং চাড্ডা আগামী বছরের ১৪ এপ্রিল বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
লাল সিং চাড্ডা হলিউডের বিখ্যাত চলচ্চিত্র ফরেস্ট গাম্প-এর অফিসিয়াল হিন্দি রিমেক। হলিউড চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করছিলেন টম হ্যাঙ্কস। এটি মুক্তি পেয়েছিল ১৯৯৪ সাল।
লাল সিং চাড্ডাতে আমির খান এবং কারিনা কাপুর খান প্রধান চরিত্রে অভিনয় করেছেন। নাগা চৈতন্য, মোনা সিং এবং মানব ভিজেকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।