আবারও শাহরুখপুত্রকে এনসিবির তলব

স্টার অনলাইন ডেস্ক

মুম্বাই ক্রুজ ড্রাগস মামলার তদন্তের দায়িত্ব নেওয়া নারকোটিক কন্ট্রোল ব্যুরোর বিশেষ তদন্তকারী দল বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে তলব করেছে।

এনসিবির ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জয় সিংয়ের নেতৃত্বে নবগঠিত তদন্ত দল শনিবার আরিয়ানের মামলাসহ আরও ৬টি মাদক মামলার তদন্ত শুরু করতে মুম্বাই পৌঁছেছে।

তদন্ত দল শনিবার তারকা সন্তানকে একটি সমন জারি করে এবং রোববার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। এটি তার জামিন আদেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এতে বলা হয়েছে, এনসিবি কর্মকর্তাদের ডাকার কারণ আরিয়ানকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, স্বাস্থ্যজনিত কারণে আরিয়ান খান আজ এনসিবি অফিসে উপস্থিত নাও হতে পারেন। তবে, আরিয়ান আগামীকাল আরও জিজ্ঞাসাবাদ এবং তদন্তের জন্য তদন্ত দলের সামনে উপস্থিত হতে পারেন।

প্রতিবেদনে বলা হয়েছে, সহ-অভিযুক্ত আরবাজ মার্চেন্টকেও জবানবন্দি রেকর্ডের জন্য ডাকা হতে পারে।

জামিনের শর্ত অনুযায়ী আরিয়ানকে শুক্রবার এনসিবির অফিসে হাজির হতে হয়।

তদন্ত দল মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের জামাই সমীর খানের জবানবন্দিও রেকর্ড করবেন বলে মনে করা হচ্ছে। যাকে চলতি বছরের জানুয়ারিতে এনসিবি গ্রেপ্তার করেছিল এবং সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, তদন্ত দল ৬টি মামলার সঙ্গে জড়িতদের জবানবন্দি রেকর্ড শুরু করেছে।

এনসিবি শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছিল, জাতীয় এবং আন্তর্জাতিক প্রভাব আছে এমন মামলার দায়িত্ব নিয়েছে তদন্ত দল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, কোনো কর্মকর্তাকে এখনকার দায়িত্ব থেকে অপসারণ করা হয়নি এবং এর বিপরীতে কোনো নির্দিষ্ট আদেশ জারি না হওয়া পর্যন্ত তারা প্রয়োজন অনুযায়ী তদন্তে সহযোগিতা করবেন।