আরিয়ানকে গ্রেপ্তারের পর শাহরুখ-গৌরীকে চিঠি লিখেছিলেন রাহুল গান্ধী

স্টার অনলাইন ডেস্ক

শাহরুখপুত্র আরিয়ানকে মুম্বাই ক্রুজ ড্রাগস মামলায় গ্রেপ্তারের পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী গত মাসে বলিউড সুপারস্টার শাহরুখ খান এবং গৌরী খানের 'সহানুভূতি' প্রকাশ করে চিঠি লিখেছিলেন জানা গেছে। গত ৩ অক্টোবর আরিয়ান গ্রেপ্তার হওয়ার পর ১৪ অক্টোবর তিনি এ চিঠি লিখেছিলেন বলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে।

সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছে, রাহুল গান্ধী তার চিঠি লিখেছিলেন- তিনি 'দুঃখিত' যে শাহরুখ-গৌরীকে অনেক সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে।

রাহুল লিখেছিলেন, কোনো শিশুই এই ধরনের আচরণের যোগ্য নয়।

রাহুল গান্ধী আরও লিখেছেন, আপনি মানুষের জন্য যেসব ভালো কাজ করেছেন তা আমি দেখেছি। আমি নিশ্চিত তাদের আশীর্বাদ এবং সদিচ্ছা আপনার সঙ্গে থাকবে।

সহানুভূতি প্রকাশ করে রাহুল গান্ধী তাদের মঙ্গল কামনা করেন এবং আশা প্রকাশ করেছিলেন, 'আপনার পরিবারের সবাই শিগগির এক হবেন'।

প্রসঙ্গত, মুম্বাই ক্রু ড্রাগস মামলায় গ্রেপ্তারের ২২ দিন পর আরিয়ান খান মুম্বাইয়ের আর্থার রোড কারাগার থেকে জামিন পান।

গত ৩০ অক্টোবর বোম্বে হাইকোর্ট তাকে জামিন দেওয়ার পর আরিয়ান খান জেল থেকে বেরিয়ে আসেন। সূত্র মতে, আর্থার রোড কারাগারে থাকাটা ২৩ বছর বয়সী এই তরুণের জন্য 'মানসিকভাবে কঠিন এবং চ্যালেঞ্জিং' ছিল। তাই, আরিয়ানের জন্যে লাইফ কোচের কথা ভাবছেন শাহরুখ খান এবং গৌরী। যেন তিনি কারাগারের অভিজ্ঞতা কাটিয়ে উঠতে পারেন।

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) আরিয়ান খানের জামিন আবেদনের বিরোধিতা করে বলেছিল, সে একটি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। তাই মুম্বাই ক্রুজ ড্রাগস মামলায় তাকে জামিন দেওয়া উচিত নয়।

এনসিবির দাবি, আরিয়ান মাদক দ্রব্য সংগ্রহের সঙ্গে জড়িত। তার বন্ধু আরবাজ মার্চেন্টের হেফাজতে মাদক দ্রব্য পাওয়া গিয়েছিল। তাই বিদেশে লেনদেন সম্পর্কিত বিষয়ে আরও তদন্ত দরকার।