আরিয়ানের নামে ৫০০ গাছ রোপণের অঙ্গীকার জুহি চাওলার

স্টার অনলাইন ডেস্ক

বলিউড অভিনেত্রী জুহি চাওলা টুইটারে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জন্মদিনে তার শৈশবের একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে ছোট্ট আরিয়ানকে বোন সুহানা খান, জুহির সন্তান জাহ্নবী, অর্জুন এবং অন্যদের সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেছে।

ছবির ক্যাপশনে জুহি লিখেছেন, শুভ জন্মদিন আরিয়ান! পুরো বছর জুড়ে আমাদের প্রত্যাশা তোমার জন্য একই থাকুক। তোমার জন্য অনেক আশীর্বাদ। তোমাকে ভালবাসি। তোমার নামে ৫০০ গাছ রোপণ করব। জয়, জুহি, জাহ্নবী, অর্জুন ও আমাদের সবাই।

মুম্বাই ক্রুজ ড্রাগ মামলায় বোম্বে হাইকোর্ট আরিয়ানের জামিন মঞ্জুর করেন। এর আগে, আরিয়ানের জামিনদার হিসেবে মুম্বাইয়ের দায়রা আদালতে ১ লাখ টাকার বন্ডে স্বাক্ষর করেছিলেন জুহি। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় জুহি বলেছিলেন, তিনি খুব খুশি যে আরিয়ান ৩ সপ্তাহ কারাগারে কাটানোর পর অবশেষে মুক্তি পেয়েছে।

তিনি এএনআইকে বলেছিলেন, আমি খুব খুশি যে আরিয়ান শিগগির বাড়িতে ফিরবেন। আমি মনে করি এটি সবার জন্য স্বস্তি খবর।

গত ৩ অক্টোবর মুম্বাইয়ে বিলাসবহুল ক্রুজে অভিযান চালিয়ে এই তারকা পুত্রকে গ্রেপ্তার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। আরিয়ান উচ্চশিক্ষার জন্যে ২ বছর যুক্তরাষ্ট্রে ছিলেন। চলতি বছরের শুরুতে ইউনিভার্সিটি অফ সাউথ ক্যালিফোর্নিয়ার স্কুল অফ সিনেম্যাটিক আর্টস থেকে স্নাতক ডিগ্রি নেন আরিয়ান।

তবে সুপারস্টার বাবার মতো অভিনয়ের আকাঙ্ক্ষা নেই আরিয়ানে। কিন্তু, তিনি পরিচালনায় আসতে চান বলে জানা গেছে।