‘কঙ্গনাকে কারাগারে অথবা মানসিক হাসপাতালে রাখা উচিত’

স্টার অনলাইন ডেস্ক

ভারতের শিরোমণি অকালি দলের (এসএডি) নেতা এবং দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মনজিন্দর সিং শিরসা বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতের তীব্র সমালোচনা করে বলেছেন, তাকে হয় কারাগারে অথবা মানসিক হাসপাতালে রাখা উচিত।

তিনি আরও বলেছেন, কঙ্গনার বক্তব্য খুব সস্তা মানসিকতাকে তুলে ধরেছে। খালিস্তানি সন্ত্রাসীদের কারণে ৩টি খামার আইন বাতিল করা হয়েছে বলাটা কৃষকদের প্রতি অসম্মান। তিনি একটি ঘৃণার কারখানা।

এক বিবৃতিতে তিনি বলেছেন, আমরা ইনস্টাগ্রামে তার ঘৃণ্য আচরণের জন্য সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থার দাবি জানাচ্ছি। তার নিরাপত্তা এবং পদ্মশ্রী অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তাকে হয় মানসিক হাসপাতালে অথবা কারাগারে রাখা উচিত।

শিরসা টুইটারে দিল্লি পুলিশের উদ্দেশ্যে অভিযোগটি পোস্ট করেছেন এবং অভিযোগ করেছেন, ইনস্টাগ্রামে তার অসম্মানজনক, অবমাননাকর এবং অপমানজনক পোস্টের জন্য এটি দায়ের করা হয়েছে।

এর আগে, কঙ্গনা সামাজিক যোগাযোগামাধ্যমে একটি পোস্ট করেছিলেন।

ওই পোস্টের জেরে দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটি শনিবার পুলিশের কাছে অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে অবমাননাকর ভাষা ব্যবহারের অভিযোগে দায়ের করেছে। মন্দির মার্গ থানার সাইবার সেলে অভিযোগটি দায়ের করা হয়েছে।

অভিযোগে কমিটি বলেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে কঙ্গনা 'ইচ্ছাকৃতভাবে' কৃষকদের প্রতিবাদকে 'খালিস্তানি আন্দোলন' হিসেবে উল্লেখ করেছেন।