কঙ্গনার ‘পদ্মশ্রী’ প্রত্যাহারের দাবি
আবারও বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। এক টেলিভিশন সাক্ষাৎকারে ভারতের স্বাধীনতা সম্পর্কে তিনি বলেছেন, 'স্বাধীনতা যদি ভিক্ষা করে পাওয়া যায়, তাহলে তা কী করে স্বাধীনতা হতে পারে? যে স্বাধীনতা পাওয়া গিয়েছিল, তা ছিল ভিক্ষা। প্রকৃত স্বাধীনতা পাওয়া গেছে ২০১৪ সালে।'
ভারতের সংবাদমাধ্যম বোম্বে টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কঙ্গনা রানাউতের ওই মন্তব্যের ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। ভারতের অনেক তারকা কঙ্গনার মন্তব্যের সমালোচনা করেছেন।
নিজ দেশের স্বাধীনতা নিয়ে এমন মন্তব্যের কারণে অভিনেত্রী কঙ্গনা রানাউতের পদ্মশ্রী সম্মাননা প্রত্যাহারের দাবি তুলেছে কংগ্রেস, শিবসেনা, এনসিপি ও আম আদমি পার্টিসহ অনেক দল। কঙ্গনার সমালোচনা করেছেন বিজেপি সাংসদ বরুণ গান্ধীও।
সম্প্রতি ভারতের পদ্মশ্রী সম্মাননায় ভূষিত হয়েছেন এই বলিউড অভিনেত্রী। গত সোমবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি।