কোহলির জন্মদিনে যা লিখলেন আনুশকা
ভারতের ক্রিকেটার বিরাট কোহলির জন্মদিন আজ শুক্রবার। বিশেষ এ দিনে কোহলির স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের একটি ছবি শেয়ার করেছেন।
ছবির সঙ্গে আনুশকা লিখেছেন, 'এ ছবির যেমন কোনো ফিল্টার প্রয়োজন নেই, তেমনি তুমি যেভাবে তোমার জীবন পরিচালনা করছো—তারও কোনো ফিল্টার প্রয়োজন নেই। তোমার ভিত্তি সততা এবং ইস্পাতদৃঢ় সাহস দিয়ে তৈরি। এ সাহস এমন সাহস, যা সন্দেহ ভুলিয়ে দেয়। আমি এমন কাউকে চিনি না যে তোমার মত নিজেকে অন্ধকার জায়গা থেকে টেনে তুলতে পারে। তুমি যে সব দিকেই আরও ভালোভাবে বিকশিত হচ্ছ, এর কারণ—তুমি কোনো কিছুই নিজের মধ্যে স্থায়ীভাবে ধরে রাখ না এবং তুমি নির্ভীক। জানি, আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে এভাবে একে অপরের সঙ্গে কথা বলার মতো নই। তবে তুমি যে কতটা চমৎকার মানুষ, মাঝে মাঝে আমি তা চিৎকার করে বিশ্বকে জানাতে চাই। যারা সত্যিকার অর্থেই তোমাকে জানে, তারা ভাগ্যবান। সবকিছু আরও উজ্জ্বল এবং আরও সুন্দর করার জন্য ধন্যবাদ তোমাকে ।'
কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট শেষ করেন আনুশকা।
২০১৩ সালে সম্পর্কে জড়ান আনুশকা-কোহলি। ২০১৭ সালে বিয়ে করেন দুজন। তাদের সংসারে ভামিকা নামের এক কন্যা সন্তান আছে।