ছেলের সিনেমার ট্রেলার দেখে যা লিখলেন অমিতাভ
গতকাল শুক্রবার অভিষেক বচ্চন অভিনীত 'বব বিশ্বাস' সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। এরই মধ্যে ট্রেলারটি নিয়ে দর্শকের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। সেটা দেখে মুগ্ধ হয়েছেন অভিষেকের পিতা অমিতাভ বচ্চন।
ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ার এক প্রতিবেদনে জানিয়েছে, আজ শনিবার সকালে অমিতাভ বচ্চন নিজের ইনস্টাগ্রামে ট্রেলারটি শেয়ার করে একটি মাত্র লাইন লিখেছেন, 'তুমি আমার ছেলে, এটি বলতে আমার গর্ব হয়।'
২০১২ সালে সুজয় ঘোষ পরিচালিত 'কাহানি' সিনেমায় বব বিশ্বাসের চরিত্রে অভিনয় করে বাজিমাত করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। কিন্তু 'কাহানি' সিক্যুয়েল হিসেবেই যখন 'বব বিশ্বাস' ছবিটি তৈরির কথা ঘোষণা করা হয় তখন অভিষেক বচ্চনকেই বেছে নিয়েছিলেন সিনেমার দুই প্রযোজক সুজয় ঘোষ ও শাহরুখ খান।
এখন দেখার বিষয় 'বব বিশ্বাস' হিসেবে দর্শক তাকে গ্রহণ করবেন কিনা। সিনেমাটি আগামী ৩ ডিসেম্বর জি-৫ -এ মুক্তি পাচ্ছে।