জল্পনা-কল্পনার অবসান: সাতপাকে বাঁধা ভিকি-ক্যাটরিনা
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল।
আজ বৃহস্পতিবার রাজস্থানের সাওয়াই মাধোপুরের হোটেল সিক্স সেন্স বরওয়ারা দুর্গে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।
সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আজ বিকেলে ক্যাটরিনা-ভিকি 'ফেরা' নেন বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আলোচিত এই বিয়ের অনুষ্ঠানের সবকিছুই হয়েছে বেশ রাখঢাক রেখে। অনুষ্ঠান চলাকালে ছবি না তোলা, বাধ্যতামূলক আরটি পিসিআর পরীক্ষাসহ অতিথিদের জন্য নানা শর্ত জুড়ে দেওয়ায় এ বিয়ে নিয়ে মানুষের কৌতূহল আরও বেড়ে যায়।
কোনো ছবি না তোলার শর্ত থাকায় ক্যাট-ভিকির বিয়ের ছবি এখনো সেভাবে প্রকাশ্যে আসেনি। তবে পাপারাজ্জিরা বর-কনের কিছু ছবি ক্যামেরাবন্দি করতে পেরেছেন। বরওয়ারা দুর্গের ভিতরে কয়েকজন অতিথির ছবিও পাওয়া গেছে। তাদের মধ্যে বরের বাবা শাম কৌশল আছেন।