পাঞ্জাবি শিখতে প্রাইভেট টিউটর নিয়োগ দিলেন ক্যাটরিনা

স্টার অনলাইন ডেস্ক

ভিকি কৌশলের সঙ্গে গাঁটছড়া বাঁধার আগে পাঞ্জাবি শেখার জন্য একজন প্রাইভেট টিউটর নিয়োগ করেছেন ক্যাটরিনা কাইফ।

আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ক্যাটরিনা মনে করেন পাঞ্জাবি ভাষা জানা থাকলে তাদের সম্পর্ক আরও মধুর ও দৃঢ় হবে।

যদিও তারা এখনো বিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। কিন্তু, তাদের অনেক বন্ধু, সহ-তারকা এবং পরিচিতরা সংবাদমাধ্যমকে তাদের বিয়ের জানিয়েছেন।

ভিকি এবং ক্যাটরিনা গত মাসে বিয়ের প্রস্তুতি নিতে শুরু করেছেন। জানা গেছে, এই বিয়েতে আমন্ত্রিত অতিথিদের জন্য একটি কঠোর ফোন নীতি থাকবে।

ভিকি এবং ক্যাটরিনা দুই বছরেরও বেশি সময় ধরে ডেটিং করছেন। যদিও তারা কখনোই তাদের সম্পর্ক প্রকাশ্যে নিয়ে আসেননি।

কাজের ক্ষেত্রে ক্যাটরিনাকে পরবর্তীতে সালমান খানের সঙ্গে 'টাইগার ৩' সিনেমায় দেখা যাবে। সিনেমাটিতে ইমরান হাশমিও একটি প্রধান চরিত্রে অভিনয় করবেন। এছাড়া ঈশান খট্টর ও সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গেও তিনি একটি সিনেমায় অভিনয় করবেন।

অন্যদিকে ভিকির হাতে আছে মেঘনা গুলজারের স্যাম মানেকশ-এর বায়োপিক এবং করণ জোহরের 'তখত'। এছাড়া সারা আলি খানের সঙ্গে আদিত্য ধরের একটি সিনেমাতেও দেখা যাবে তাকে।