পানামা পেপারস: ঐশ্বরিয়াকে আবারও তলব
পানামা পেপারসে নাম আসার পরিপ্রেক্ষিতে বলিউডের শীর্ষ অভিনেত্রী ঐশ্বরিয়া রাইকে তলব করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা ইনফোর্সমেন্ট ডিরেকটরেট (ইডি)।
আজ সোমবার এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বিদেশে অর্থ গচ্ছিত রাখার অভিযোগে ৪৮ বছর বয়সী এই অভিনেত্রীর সঙ্গে আজ কথা বলতে চায় তদন্ত সংস্থাটি।
এর আগেও ঐশ্বরিয়াকে ২ বার তলব করা হয়েছিল।
ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট আইন ভঙ্গের অভিযোগে ২০১৭ সালে ঐশ্বরিয়ার বিরুদ্ধে তদন্ত শুরু করে ইডি।
পাশাপাশি, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার লিবারালাইজড রেমিট্যান্স স্কিমের (এলআরআস) অধীনে ২০০৪ সাল থেকে বচ্চন পরিবারের অন্য সদস্যরা কী পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করেছেন জানতে চেয়েছে তদন্ত সংস্থাটি।
'তদন্তকারীদের কাছে ঐশ্বরিয়া রাই তার বিদেশ থেকে প্রাপ্ত আয়ের নথি জমা দিয়েছেন' উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, 'এখন তদন্তকারীরা ঐশ্বরিয়ার জবানবন্দি নিতে চান।'
২০১৬ সালে 'পানামা পেপারস' প্রকাশের মাধ্যমে বিভিন্ন দেশের নাগরিকদের বিদেশে গচ্ছিত সম্পদের পরিমাণ প্রকাশ্যে আসে। সেই তালিকায় ৩০০-র বেশি ভারতীয়ের নাম আছে।