পান মশলা ব্র্যান্ডকে আইনি নোটিশ পাঠালেন অমিতাভ বচ্চন
বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন গত সোমবার তার ৭৯তম জন্মদিনে ঘোষণা দিয়েছেন, একটি পান মশলা ব্র্যান্ডের সঙ্গে চুক্তি বাতিল করেছেন। কিন্তু, চুক্তি বাতিল হওয়ার পরেও পান মশলা ব্র্যান্ডটি অমিতাভের সেই বিজ্ঞাপন সম্প্রচার করেছে। এ কারণে তিনি তাদের একটি আইনি নোটিশ পাঠিয়েছেন বলে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে।
একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, মি. বচ্চনের অফিস থেকে জানতে পেরেছি কামালা পাসান্দকে আইনি নোটিশ পাঠানো হয়েছে এবং অবিলম্বে বিজ্ঞাপনটির সম্প্রচার বন্ধ করতে বলা হয়েছে।
এর আগে অমিতাভের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়। ওই বিবৃতিতে বলা হয়েছিল, বিজ্ঞাপনটি সম্প্রচারের কয়েক দিন পর মি. বচ্চন ব্র্যান্ডের সঙ্গে যোগাযোগ করেন এবং চুক্তিটি বাতিল করেন। তিনি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছিলেন তখন জানতেন না এটি সারোগেট বিজ্ঞাপনের আওতায় পড়ে।