‘বব বিশ্বাসে’ অভিষেকের ওজন ছিল ১০০ কেজির বেশি
বলিউড অভিনেতা অভিষেক বচ্চনকে শিগগির ক্রাইম থ্রিলার বব বিশ্বাসে দেখা যাবে। এ চরিত্রে অভিনয়ের জন্য তাকে শারীরিক পরিবর্তন আনতে হয়েছিল। প্রকাশিত ট্রেলারে বাড়তি ওজনের অভিষেককে দেখা গেছে। অর্থাৎ, তাকে কিছু ওজন বাড়াতে হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাত্কারে অভিষেক এসব বিষয়ে কথা বলেছেন।
অভিষেক বচ্চন ইন্ডিয়া টুডেকে বলেছেন, চরিত্রের প্রয়োজনে আমাকে ওজন বাড়াতে হয়েছে। শুটিংয়ের সময় আমার ওজন ১০০-১০৫ কেজি হয়ে গিয়েছিল। আপনি ববের চরিত্রটি দেখলে পুরো বিষয়টি বুঝতে পারবেন।
অভিষেক জানান, তার শরীরের ওজন সঠিক শরীরী ভাষা বোঝাতে সাহায্য করেছিল। চরিত্রটি ফুটিয়ে তুলতে আমাকে ৫০ শতাংশ সাহায্য করেছে বাড়তি ওজন।
লকডাউনের কারণে বব বিশ্বাসের শুটিং বন্ধ ছিল। তখনো দীর্ঘদিন বাড়তি ওজন ধরে রাখতে হয়েছিল অভিষেক বচ্চনকে।
তিনি ইন্ডিয়া টুডেকে বলেন, লকডাউনজুড়ে আমাকে সেই ওজন ধরে রাখতে হয়েছে। আমার জন্য এটি খুব কঠিন ছিল। কারণ, অতিরিক্ত ওজন মোটেও ভালো কিছু নয়। কিন্তু, কাজের জন্যে যা করা দরকার তাতো করতেই হবে। শুটিং শেষ করে ওজন কমানোর কঠিন লড়াই শুরু করি। সেটিও সহজ কাজ ছিল না।
অভিষেকের মেয়ে আরাধ্যা এবং স্ত্রী ঐশ্বর্য ওজন বৃদ্ধির প্রতিক্রিয়ায় বলেন, অভিনয়ের প্রয়োজনে এটি করতে হয়েছে। এটা পেশার অংশ। আর আমাদের পরিবারের সবাই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত। তাই এটার সঙ্গে সবাই অভ্যস্ত।
বব বিশ্বাস আগামী ৩ ডিসেম্বর একটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে।