বলিউডে ফিরছেন প্রীতি জিনতা

স্টার অনলাইন ডেস্ক

চলচ্চিত্র নির্মাতা দানিশ রেনজুর চলচ্চিত্র দিয়ে আবারও বলিউডে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন প্রীতি জিনতা। কাশ্মীরে সিনেমাটির শুটিং হবে বলে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মনে করা হচ্ছে সিনেমাতে প্রীতিকে একজন সাহসী কাশ্মীরি মায়ের চরিত্রে দেখা যাবে। সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। কিন্তু, ইতোমধ্যে সিনেমাটির কাজ শুরু হয়েছে।

একটি সূত্র জানিয়েছে, ২০২২ সালের প্রথম দিকে সিনেমাটির শুটিং শুরু হবে। সিনেমাটিরর প্রাক-প্রযোজনা ইতোমধ্যে শুরু হয়ে গেছে এবং অতিরিক্ত কাস্টিংও চলছে।

প্রীতি জিনতা কাশ্মীরে নির্মিত 'বীর জারা' এবং 'মিশন কাশ্মীর'-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। এবার তিনি সেখানে পুরো সিনেমার শুটিং করবেন।

সূত্রটি আরও জানিয়েছে, প্রীতি আরও সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। তার হাতে ২-৩টি চলচ্চিত্র আছে এবং আরও কিছু সিনেমায় চুক্তির অপেক্ষায় আছেন।