মফস্বলে সিনেমা হল বানাবেন সালমান খান

স্টার অনলাইন রিপোর্ট

মফস্বল কিংবা বিভিন্ন গ্রামাঞ্চলে সিনেমা হল বানাবেন বলিউড সুপারস্টার সালমান খান। নিজের নামের সঙ্গে মিলিয়ে সিনেমা হলের নাম 'সালমান টকিজ' রাখার পরিকল্পনা করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ার তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সালমান খান এক সাক্ষাৎকারে বলেন, 'অনেক দিন ধরেই এটা নিয়ে পরিকল্পনা করছিলাম। যদি করোনা পরিস্থিতি না থাকতো, তাহলে এতদিনে পরিকল্পনা বাস্তবে পরিণত হতো।'

তিনি বলেন, 'খুব শিগগির সালমান টকিজ খুলতে চলেছি। তবে এইসব সিনেমা হল মুম্বাইয়ে নয় মফস্বল কিংবা বিভিন্ন গ্রামাঞ্চলে হবে। যাদের শহরে যাওয়া অত্যন্ত কষ্টসাধ্য তাদের জন্য এই সিনেমা হল।'

সালমান খান অভিনীত 'অন্তিম' মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৬ নভেম্বর। সিনেমায় শিখ পুলিশ অফিসার রাজবীর সিং চরিত্রে অভিনয় করেছেন তিনি। আরও অভিনয় করেছেন আয়ুষ শর্মা, মহেশ মাঞ্জরেকর, মহিমা মাকওয়ানা, শচীন খেদকর ও কলকাতার অভিনেতা যিশু সেনগুপ্ত। ২০১৮ সালে মুক্তি পাওয়া মারাঠি ক্রাইম ড্রামা 'মুলশি প্যাটার্ন'-এর অনুপ্রেরণায় নির্মিত হয়েছে সিনেমাটি।