যে কারণে পেছালো রণবীর-আলিয়ার বিয়ে

স্টার অনলাইন রিপোর্ট

চলতি বছরের ডিসেম্বরেই বিয়ে করার কথা শোনা যাচ্ছিলো তারকা জুটি রণবীর কাপুর-আলিয়া ভাটের। আপাতত সেই বিয়েটা এ বছর হচ্ছে না।

ভারতীয় সংবাদমাধ্যম বোম্বে টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, তাদের বিয়ের আয়োজন হবে ২০২২ সালের এপ্রিলে।

রণবীর এবং আলিয়া দু'জনই এখন একাধিক সিনেমা নিয়ে ব্যস্ত। সেই সঙ্গে চলছে তাদের অভিনীত অনেকগুলো ছবির প্রচারণা। আলিয়া ভাট ব্যস্ত আছে 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি', 'আরআরআর', 'ডার্লিং' এবং 'রবি অর রানী কি প্রেম কাহিনী' নিয়ে। রণবীর কাপুর ব্যস্ত 'শমসেরা', 'অ্যানিমেল' ও 'ব্রক্ষ্মাস্ত্র' নিয়ে। সব মিলিয়ে বিয়ের জন্য সময় মিলাতে পারছেন না কেউই।

এই জুটির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বিয়ের আগে হাতের কাজ সুষ্ঠুভাবে শেষ করতে চান তারা। তবে শুধু সিনেমার জন্যই যে বিয়ে পিছিয়ে যাচ্ছে এমন নয়।

কাপুর পরিবারের সবাই একসঙ্গে আনন্দ করতে ভালোবাসেন। সে ক্ষেত্রে রণবীর কাপুরের বিয়েতে সবাই হাজির থাকতে চাইছেন। তবে বিয়ে পেছানো নিয়ে রণবীর-আলিয়ার কেউই কোনো মন্তব্য করেননি।