শিল্পা-কুন্দ্রার বিরুদ্ধে এবার ১.৫১ কোটি রুপি প্রতারণার মামলা

স্টার অনলাইন ডেস্ক

মুম্বাইয়ের এক ব্যবসায়ী বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি, তার স্বামী রাজ কুন্দ্রা এবং আরও কয়েকজনের বিরুদ্ধে ১.৫১ কোটি রুপি প্রতারণার মামলা করেছেন।

আজ রোববার এক এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস

তিনি জানান, গতকাল রাতে ব্যবসায়ী নিতিন বড়াই অভিযোগের ভিত্তিতে বান্দ্রা থানায় এফআইআর দায়ের করা হয়।

ওই ব্যবসায়ীর অভিযোগ করেন, ২০১৪ সালের জুলাইয়ে এসএফএল ফিটনেস কোম্পানির পরিচালক কাশিফ খান শেঠি, কুন্দ্রা এবং অন্যান্যদের সঙ্গে অংশীদারিত্বে মুনাফা অর্জনে তাকে ওই কোম্পানিতে ১.৫১ কোটি রুপি বিনিয়োগ করতে বলেন।

তিনি দাবি করেছেন, তাকে আশ্বাস দেওয়া হয়েছিল যে এসএফএল ফিটনেস সংস্থা তাকে একটি ফ্র্যাঞ্চাইজি সরবরাহ করবে এবং পার্শ্ববর্তী পুনের হাদাপসার এবং কোরেগাঁওয়ে একটি জিম এবং স্পা খুলবে, তবে এফআইআর অনুযায়ী তা বাস্তবায়িত হয়নি।

পুলিশ কর্মকর্তা বলেন, পরে ওই ব্যবসায়ী তার টাকা ফেরত চাইলে তাকে হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেছেন।

অভিযোগের ভিত্তিতে বান্দ্রা পুলিশ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় এফআইআর দায়ের করেছে, যার মধ্যে আছে ৪২০ (প্রতারণা), ১২০-বি (অপরাধমূলক ষড়যন্ত্র), ৫০৬ (অপরাধমূলক ভীতি প্রদর্শন) এবং ৩৪ (সাধারণ উদ্দেশ্য)।

মামলার তদন্ত চলছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।