হয়ে গেল ক্যাটরিনা-ভিকির আশীর্বাদ অনুষ্ঠান!
বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল দীপাবলির রাতে আশীর্বাদ অনুষ্ঠান সেরেছেন বলে শোনা যাচ্ছে। যদিও এই দুই তারকা এখন পর্যন্ত কিছুই স্বীকার করেননি।
আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ার'র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পরিচালক কবীর খানের বাড়িতে দীপাবলির রাতে আশীর্বাদ সেরেছেন ক্যাটরিনা ও ভিকি। 'নিউইয়র্ক' ও 'এক থা টাইগার' সিনেমার কারণে এই পরিচালকের সঙ্গে ভালো সম্পর্ক ক্যাটরিনার। নিজের বড় ভাইয়ের মতো দেখেন তাকে।
এতে আরও বলা হয়, মিডিয়ার চোখ এড়াতেই এই পরিচালকের বাড়িতেই আশীর্বাদ অনুষ্ঠান করেছেন। ক্যাটরিনার পক্ষ থেকে তার মা সুজান টারকোটে, বোন ইসাবেলা কাইফ সেখানে ছিলেন। ভিকির বাবা-মা শ্যাম ও বীণা কৌশলও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
আগামী ডিসেম্বরের মাঝামাঝি রাজস্থানের সওয়াই মাধুপুরের এক হেরিটেজ রিসোর্টে এই জুটির বিয়েয় অনুষ্ঠান হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।