১০ মাস পর ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি পেলেন রিয়া

স্টার অনলাইন ডেস্ক

বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে ১০ মাস পর তার সব ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি দিয়েছেন ভারতের একটি বিশেষ আদালত। একইসঙ্গে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর গত বছর দায়ের করা মামলার তদন্তে বাজেয়াপ্ত হওয়া তার ব্যবহৃত গ্যাজেট ফেরত দেওয়ার আবেদনও মঞ্জুর করেছেন আদালত।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি এবং ল্যাপটপ ও ফোন ফেরত চেয়ে রিয়া চক্রবর্তীর করা আবেদন মঞ্জুর করেছেন আদালত। আদালত জানিয়েছেন, এনসিবি তার অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিট ফ্রিজমুক্ত করার আবেদনে জোরালো বিরোধিতা না করায় লিখিত অঙ্গীকারসহ শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া যেতে পারে। তবে, বিচার চলাকালে যখনই প্রয়োজন হবে অ্যাকাউন্ট তলব করতে পারবেন আদালত।

এনসিবির বিশেষ পাবলিক প্রসিকিউটর অতুল সারপান্ডে রিয়ার এই আবেদনের বিরুদ্ধে বলেন, যদি অ্যাকাউন্টগুলো ব্যবহারের অনুমতি দেওয়া হয় তাহলে মাদক সম্পর্কিত ব্যবসায়ের লেনদেনের তথ্য বিভ্রাটের আশঙ্কা আছে। তাই তিনি আবেদন প্রত্যাখ্যান করার আহ্বান জানান।

তবে মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, বিষয়টি আদালতের বিবেচনার ওপর ছেড়ে দেওয়াই শ্রেয় হবে।

রিয়া চক্রবর্তীকে ২০২০ সালে মাদক সংগ্রহের অভিযোগে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স (এনডিপিএস) আইনে গ্রেপ্তার করা হয়েছিল।