৪ দিনে ১০০ কোটির ক্লাবে ‘সূর্যবংশী’

স্টার অনলাইন রিপোর্ট

মুক্তির প্রথম ৪ দিনে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে রোহিত শেঠি পরিচালিত অক্ষয় কুমার অভিনীত 'সূর্যবংশী'।

দীর্ঘদিন পর বলিউডের কোনো সিনেমা এমন ব্যবসা করছে।

ভারতের সংবাদমাধ্যম বোম্বে টাইমস এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশি অ্যাকশনভিত্তিক সিনেমাটি দেখতে দর্শকরা প্রেক্ষাগৃহে ভিড় করছেন। সিনেমার অনস্ক্রিনে অক্ষয়-ক্যাটরিনা জুটির 'টিপ টিপ বর্ষা পানি' দর্শকদের মধ্যে বেশ আলোচনায় জন্ম দিয়েছে।

'সূর্যবংশী' প্রসঙ্গে চলচ্চিত্র বিশ্লেষক তরণ আদর্শ গণমাধ্যমটিকে বলেন, 'এর প্রথমদিনে ভারতের বাজারে বক্স অফিস সংগ্রহ ছিল ২৬ কোটি ২৯ লাখ রুপি, দ্বিতীয় দিন তা কমে ২৩ কোটি ৮৫ লাখ রুপি, গত রোববার তা বেড়ে ২৪ কোটি ৯৪ লাখ রুপি হয়েছে। সব মিলিয়ে মোট ব্যবসা ৭৭ কোটি ৮ লাখ রুপিতে দাঁড়িয়েছে।'

'বিশ্বজুড়ে বক্স অফিস সংগ্রহ দাঁড়িয়েছে ১০০ কোটি রুপি,' যোগ করেন তিনি।

অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ ছাড়া অজয় দেবগান ও রণবীর সিং রয়েছেন চমক হিসেবে। আরও অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, গুলশান গ্রোভার, জাভেদ জাফরি, সিকান্দার খের প্রমুখ।