সাভারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে তরুণী নিহত
সাভারে এক তরুণীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকালে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহত তরুণীর পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মাঈনুল ইসলাম আরও বলেন, গতকাল রাত ১১টার দিকে উপজেলার শিমুলতলা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক থেকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তারা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ওই তরুণীকে মৃত ঘোষণা করেন।
নিহত তরুণীর পরিচয় এবং হত্যাকারীদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে, বলেন মাঈনুল।