আইনজীবী সমিতির বর্তমান সভাপতি কে জানতে চান সাবেক ৪ সভাপতি
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) বর্তমান সভাপতি কে তা জানতে চেয়েছেন সাবেক ৪ সভাপতি।
সাবেক ৪ জন সভাপতি হলেন, ড. কামাল হোসেন, এম আমীর-উল ইসলাম, মইনুল হোসেন ও রোকনউদ্দিন মাহমুদ।
তারা গত ২৯ ফেব্রুয়ারি সমিতির কার্যনির্বাহী কমিটিকে একটি চিঠি পাঠিয়েছিলেন, সেখানে আরও জিজ্ঞাসা করা হয়েছে, '২০২২-২০২৩ সালের নির্বাচনের জন্য বর্তমান ভোটার তালিকায় কেন অযোগ্য সদস্যদের নাম রয়েছে? এবং সমিতির ২০২২-২০২৩ সালের নির্বাচনে সদস্যদের ভোট ইলেকট্রনিক্যালি গণনার আদেশ কোথায়?'
চিঠিতে তারা বলেন, গত বছরের ১৪ এপ্রিল সিনিয়র আইনজীবী আবদুল মতিন খসরুর দুর্ভাগ্যজনক ও অকাল মৃত্যুর পর সমিতির সাবেক সভাপতিসহ সাধারণ সদস্যদের নজরে এসেছে সমিতির বর্তমান সভাপতি কে? গত বছরের ১ এপ্রিল থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত মেয়াদে সমিতির নির্বাচিত সভাপতির পদ শূন্য রয়েছে।
আইনজীবী সমিতির সংবিধানের ১৬ অনুচ্ছেদ অনুযায়ী, এই ধরনের পরিস্থিতিতে শূন্যপদটি পূরণে বিশেষ সাধারণ সভায় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে এক মাসের মধ্যে তা পূরণ করা উচিত।
আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সচিব মো. রুহুল কুদ্দুস কাজল দ্য ডেইলি স্টারকে বলেন, 'আইনজীবী সমিতির সাবেক সভাপতিদের উত্থাপিত প্রশ্নের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।'