‘গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবো’ টিটিইকে পুলিশের হুমকি
বিনা টিকিটের যাত্রীদের জরিমানা করায় এক ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শককে (টিটিই) গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জিআরপি পুলিশের একজন এএসআই এর বিরুদ্ধে।
গতকাল মঙ্গলবার ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে টিকিট ছাড়া যাত্রীদের জরিমানা করায় কর্তব্যরত জিআরপি পুলিশের এক কর্মকর্তা ট্রেনের টিটিই আব্দুল আলিম মিঠুকে গুলি করার হুমকি দিয়েছেন।
এ ঘটনায় পাকশি বিভাগীয় রেলওয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পাকশি বিভাগীয় জিআরপি পুলিশ প্রধান।
হুমকি পাওয়া টিটিই আব্দুল আলীম বিশ্বাস মিঠু দ্য ডেইলি স্টারকে জানান, গতকাল খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে কর্তব্যরত ছিলেন তিনি। বিকেলে উল্লাপাড়া স্টেশনে পৌঁছানোর সময় টিকিট চেকিং করে একটি বগিতে ১১ জন যাত্রী পাওয়া যায় যাদের কাছে টিকিট ছিল না। এ কারণে তাদের কাছ থেকে জরিমানাসহ ভাড়া বাবদ ৩ হাজার ৩০০ টাকা আদায় করা হয়।
তিনি বলেন, 'কর্তব্যরত জিআরপি পুলিশসহ আমার সঙ্গে ছিলেন ট্রেন পরিচালক ইকবাল মাহবুব। এ সময় রেলওয়ে পুলিশের কনস্টেবল বলেন, "এখানে টিকিট চেকিং করতে এসেছেন কেন।"'
তিনি আরও বলেন, 'এক পর্যায়ে ট্রেনে জিআরপি পুলিশের ইনচার্জ এএসআই মো. রুবেল মিয়া এগিয়ে এসে আমাকে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেওয়ার হুমকি দেন এবং আমার হাতে হ্যান্ডকাফ পড়ানোর জন্য হ্যান্ডকাফ বের করেন।'
'পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে আমি ঘটনাস্থল থেকে সরে আসি এবং রেলওয়ের কন্ট্রোল অফিসের মাধ্যমে ঘটনাটি রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাই,' বলে যোগ করেন তিনি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে রেলওয়ের পাকশি বিভাগীয় ম্যানেজার মো. শাহীদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'কন্ট্রোল অফিসের মাধ্যমে ঘটনাটি জানার পর ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।'
রেলওয়ের পাকশি বিভাগীয় সহকারী প্রকৌশলী শিপন আলিকে প্রধান করে গঠিত এই কমিটিকে আগামী ৫ কর্ম দিবসের মধ্যে ঘটনা তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটিতে জিআরপির একজন এএসপি রয়েছেন বলেও জানান শাহীদুল।
রেল পুলিশের এ ধরনের আচরণের বিষয়ে জানতে চাইলে জিআরপি পুলিশের পাকশি বিভাগীয় পুলিশ সুপার মো. শাহাব উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'তদন্ত কমিটি প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত এ নিয়ে কিছু বলা যাচ্ছে না।'
তদন্তে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শাহাব উদ্দিন।
এর আগে গত ৫ মে রেলমন্ত্রীর স্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করায় ৩ জনের কাছ থেকে জরিমানাসহ ভাড়া আদায় করেন টিটিই শফিকুল ইসলাম। এ জন্য তাকে সাময়িক বরখাস্ত করা হলে সমালোচনার ঝড় ওঠে।
এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে গত ১৬ মে তিনি নির্দোষ প্রমাণিত হন।
