জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ, ৫ হাজার পোশাককর্মী নিয়ে অনুষ্ঠান
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দামপাড়া পুলিশ লাইনসে জনসাধারণের চলাচলে নিয়ন্ত্রণ থাকলেও ৪টি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিকের দিনব্যাপি অনুষ্ঠান নিয়ে সমালোচনা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার দিনভর দামপাড়া পুলিশ লাইনের শুটিং ক্লাবের পাশের মাঠে অনুষ্ঠিত এই মিলনমেলায় প্রায় ৫ হাজার পোশাক শ্রমিক অংশ নেন। এতে ক্ষোভ জানিয়েছেন খোদ পুলিশ লাইনের বাসিন্দারা।
পুলিশ লাইনের মতো জায়গায় যেখানে জনসাধারণের যান চলাচল ও প্রবেশে নিয়ন্ত্রণ থাকে সেখানে কীভাবে এই অনুষ্ঠান আয়োজন করার অনুমতি দেওয়া হলো তা নিয়ে পুলিশ সদস্যদের অনেকে অভিযোগ করেছেন।
নাম না প্রকাশ করার শর্তে পুলিশ লাইনের বাসিন্দা এবং ব্যারাকে থাকা পুলিশ সদস্যদের অনেকের অভিযোগ, পুলিশ লাইন একটি স্পর্শকাতর জায়গা, পুলিশের সদরদপ্তর, অস্ত্রাগার, রেডিও টাওয়ারসহ নানা স্থাপনা রয়েছে এখানে। আর সেখানে এত লোকের আনাগোনায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হলে এর দায় কে নেবে।
বৃহস্পতিবার সকাল থেকে শুটিং ক্লাবের পাশের মাঠে পোশাক কারখানা 'আরডিএম গ্রপের' বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়।
দুপুরে আয়োজিত অনুষ্ঠানে গিয়ে দেখা যায় শুটিং ক্লাবের আশেপাশে ৪ পুলিশ সদস্য ভেতরে অনুষ্ঠানস্থলে আসা গাড়িগুলোকে পার্কিংয়ের নির্দেশ দিচ্ছেন। ব্যানারে আরডিএম গ্রুপের অধীনে—আরডিএম অ্যাপারেলস, ইউনি গার্মেন্টস লিমিটেড, স্যামমার্ট ফ্যাশন (বিডি) লিমিটেড, এইচকেসি অ্যাপারেলস লিমিটেড এবং কমবাইন্ড অ্যাপারেলস লিমিটেড লেখা রয়েছে।
আরডিএম গ্রুপের চেয়ারম্যান রাকিবুল আলম চৌধুরী দ্যা ডেইলি স্টারকে বলেন, 'আমরা পুলিশ লাইন্সের মাঠে আমাদের বার্ষিক মিলনমেলা আয়োজন করেছি। এখানে আমাদের চারটি পোশাক কারখানার প্রায় ৫ হাজার শ্রমিক যোগ দিয়েছেন। আমরা গান-নাচ, দুপুরের খাবারসহ নানা ইভেন্ট রেখেছি।'
পুলিশ লাইন্সের মতো স্পর্শকাতর জায়গায় অনুষ্ঠান আয়োজনের অনুমতির বিষয়ে সিএমপি সদর দপ্তরের উপপুলিশ কমিশনার মো. আমির জাফর দ্য ডেইলি স্টারকে বলেন, 'তারা আমাদের কাছে লিখিতভাবে অনুমতি চেয়েছিল আমরা অনুমতি দিয়েছি। করোনার কারণে এটি আগে আয়োজন করা সম্ভব হয়নি। শুটিং ক্লাবের পাশের মাঠটি একটি কোণায় অবস্থিত, মানুষের যাতায়াত কম এছাড়া সেটি আমাদের ব্যারাক ও আবাসিক ভবনগুলো থেকেও দূরে।'
'এর আগেও পুলিশ লাইনে নানান অনুষ্ঠানের আয়োজনের অনুমতি দেয়া হয়েছিল,' জানান তিনি।
পুলিশ লাইনের ভেতরে নগর পুলিশের সদর দপ্তর, রিজার্ভ অফিস, ব্যারাক, সিআইডি ভবন, আবাসিক ভবন, বিভাগীয় হাসপাতাল, সিএমপি স্কুল এন্ড কলেজসহ নানা স্থাপনা রয়েছে।