পানিশূন্যতা-লো ব্লাড প্রেসার নিয়ে রামেকে ভর্তি সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম
সাবেক খাদ্য মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি হয়েছেন।
আজ বুধবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, কামরুল ইসলামকে সকাল পৌনে ১১টায় হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি পানিশূন্যতা এবং লো ব্লাড প্রেসারে ভুগছিলেন।
বিকেল ৩টায় হাসপাতালের পরিচালক বলেন, কামরুল ইসলামের অবস্থা কিছুটা ভালোর দিকে। তবে তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
দুপুরে কামরুল ইসলামকে দেখতে যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
কামরুল ইসলাম গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে রাজশাহী যান। তিনি রাজশাহী সার্কিট হাউসে অবস্থান করছিলেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন-২০২২ এ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেল পরিচিতি সভায় যোগ দেওয়ার কথা ছিল তার।