রাউজানে যুবককে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের রাউজান উপজেলায় এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানীহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ বেলায়েত হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মো. করিম চট্টগ্রাম নগরের আমান বাজার এলাকায় বসবাস করতেন।

এএসপি বেলায়েত হোসেন বলেন, প্রায় দুই মাস পর আজ করিম কেরানীহাটে এসেছিলেন। বাজারে আসার কিছুক্ষণ পর কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ দেয় ও পিঠে গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে।

তিনি বলেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও সেখানে মরদেহ ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের পর সব দোকান বন্ধ ও লোকজন এলাকা ছেড়ে চলে যাওয়ায় আমরা তাৎক্ষণিকভাবে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারিনি।

বেলায়েত হোসেন বলেন, করিমকে এর আগে পুলিশ গ্রেপ্তার করেছিল।

‘ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হচ্ছে’, বলেন তিনি।

পুলিশ জানায়, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে রাঙ্গুনিয়া, রাউজান, বায়েজিদ ও রাঙামাটি থানায় করিমের বিরুদ্ধে অন্তত ১০টি মামলা ছিল।