প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১৮ সংস্থায় ৩৯ হাজার কোটি টাকার অডিট আপত্তি

স্টার অনলাইন রিপোর্ট

প্রতিরক্ষা মন্ত্রণালয় ও এর আওতাধীন ১৮টি সংস্থার অডিট আপত্তি সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ৩৯ হাজার ২৭২ কোটি ৬৬ লাখ ৮ হাজার ২১০ টাকা। এর মধ্যে মাত্র ৯০ হাজার ৬৭৫ টাকার অডিট আপত্তি মন্ত্রণালয়ের, বাকি পুরোটাই মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার।

১৪ হাজার ৫৮৮টি অডিট আপত্তির মধ্যে মাত্র ২টি রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। দপ্তর ও সংস্থার ১৪ হাজার ৫৮৮টি অডিট আপত্তি সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ৩৯ হাজার ২৭২ কোটি ৬৬ লাখ ৯৮ হাজার ৮৮৫ টাকা।

আজ সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক থেকে এসব তথ্য পাওয়া গেছে।

অডিট আপত্তি সংক্রান্ত মন্ত্রণালয়ের প্রতিবেদন থেকে জানা গেছে, মন্ত্রণালয়ের আওতাধীন ২৪টি দপ্তর ও সংস্থার মধ্যে ১৮টির অডিট আপত্তি রয়েছে। ডিজিএফআইসহ ৬টি সংস্থা ও দপ্তরের কোনো অডিট আপত্তি নেই। অন্যগুলো হলো- সিএও, আইএসএসবি, এমওডিসি, আইএসপিআর ও সাইফার। অডিট আপত্তির সব চেয়ে বেশি সংশ্লেষ অর্থ রয়েছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের। এই দপ্তরের ১ হাজার ৯৫টি অডিট আপত্তির সংশ্লেষ অর্থের পরিমাণ ৩১ হাজার ৫৪২ কোটি ৯৩ লাখ ৭০ হাজার টাকা।

যেসব দপ্তর ও সংস্থার অডিট আপত্তি রয়েছে তার মধ্যে সেনা সদরের ২ হাজার ১৯২টি অডিট আপত্তির সংশ্লেষ অর্থের পরিমাণ ১ হাজার ৫১৩ কোটি ৩৩ লাখ ৫৭ হাজার ৪২ টাকা, নৌ সদরের ৩৪৬টি অডিট আপত্তির সংশ্লেষ অর্থের পরিমাণ ১১২ কোটি ২৯ লাখ ৪৬ হাজার টাকা, বিমান সদরের ৩৬১টি অডিট আপত্তির সংশ্লেষ অর্থের পরিমাণ ৯১ কোটি ৪ লাখ ৬৭ হাজার ৮৬ টাকা, ডিজিএমএসের ৭৩টি অডিটে সংশ্লেষ অর্থ ৫১ কোটি, ৯১ লাখ ৫৯ হাজার টাকা, কলেজের ২৫৫টি অডিটে সংশ্লেষ অর্থ ৩৪ কোটি ৬৫ লাখ ৩৫ হাজার ৬১০ টাকা, ডিএফডির ২ হাজার ৩১৭টি অডিটে সংশ্লেষ অর্থ ৮১৭ কোটি ৬৮ লাখ ৩০ হাজার ৩২ টাকা, ডিএসসিএসসির ৩৭টি অডিটে সংশ্লেষ অর্থ ৬ কোটি ৪ লাখ ৩৯ হাজার টাকা, বিএএসবি'র ৭টি অডিটে সংশ্লেষ অর্থ এক হাজার ৭৪৮ কোটি ৮৩ লাখ ১৭ হাজার টাকা, ই-ইনসি শাখার ২৬টি অডিটে সংশ্লেষ অর্থ ২৩ কোটি ১৬ লাখ ৬৩ হাজার টাকা, ডিডব্লিউ (আর্মি) শাখার ৫ হাজার ২৫৪ টি অডিটে সংশ্লেষ অর্থ দুই হাজার ১৬৪ কোটি ৬৮ লাখ ১০ হাজার টাকা, ডিব্লিউ (নৌ) শাখার এক হাজার ৯৫টি অডিটে সংশ্লেষ অর্থ ১৪৫ কোটি ৮৮ লাখ ৬২ হাজার টাকা, ডিডব্লিউ (বিমান) এক হাজার ১৮৬টি অডিটে সংশ্লেষ অর্থ ৩২৮ কোটি ৩৪ লাখ ৭৩ হাজার টাকা, বিওএফ'র ৯৩টি অডিটে সংশ্লেষ অর্থ ৪১২ কোটি ৮৩ লাখ ৬১ হাজার, জরিপ অধিদপ্তরের ৪৬টি অডিটে সংশ্লেষ অর্থ ৩৫ কোটি ৮৭ লাখ ২১ হাজার টাকা, এনডিসির ৯৩টি অডিটে সংশ্লেষ অর্থ ২৯ কোটি ৮৯ লাখ ৪০ হাজার টাকা, স্পারসোর ২৫টি অডিটে সংশ্লেষ অর্থ ৫ কোটি ৯৬ লাখ ৭৬ হাজার টাকা, বিএনসিসির ৩টি অডিটে সংশ্লেষ অর্থ ২০ লাখ টাকা, এমআইএসটির ২৩টি অডিটে সংশ্লেষ অর্থ ২৫ কোটি ৬৪ লাখ দুই হাজার টাকা এবং এএফএসসির ২৫ কোটি ১৯ লাখ ৫ হাজার টাকা।

প্রতিবেদন থেকে জানা গেছে, অডিট আপত্তিগুলোর মধ্যে গত ২০২০-২১ অর্থ বছরে তিন হাজার ১২০টি অডিট আপত্তি নিষ্পত্তি হয়েছে। এর সংশ্লেষ অর্থ ছিল ৩২০ কোটি ৫৯ লাখ ৭৭ হাজার টাকা। বর্তমান অর্থ বছরের এপ্রিল পর্যন্ত ৯৫৩টি অডিট আপত্তি নিষ্পত্তি হয়েছে। এর সঙ্গে জড়িত অর্থ ২০৫ কোটি ৪৪ লাখ ৭৩ হাজার ২৩০ টাকা।

এদিকে কমিটি তার আগের বৈঠকে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) সক্ষমতা বৃদ্ধি করে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসার সুপারিশ করে। জবাবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়- সশস্ত্র বাহিনীতে নতুন নতুন ডিভিশন, ইউনিট, প্রতিষ্ঠান যুক্ত হওয়ায় সিএমএইচ/হাসপাতালগুলোর ওপর নির্ভরশীল জনসংখ্যার চাপ ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে এবং তা সহনীয় রাখার জন্য সিএমএইচ/হাসপাতালসমূহের জনবল বৃদ্ধির পদক্ষেপ নেয়া হয়েছে, যা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও চিকিৎসা প্রদানকারী জনবল (চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মী) বৃদ্ধি ব্যতিরেকে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা প্রধিকৃত করলে মানসম্মত চিকিৎসা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হেলাল উদ্দীন, মুহাম্মদ ফারুক খান, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মো. মোতাহার হোসেন, নাজমুল হাসান, মো. নাসির উদ্দিন এবং মো. মহিববুর রহমান অংশ নেন।