প্রেমের টানে বাংলাদেশে আসা ভারতীয় কিশোরীকে বিএসএফের কাছে হস্তান্তর

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

প্রেমের টানে অবৈধভাবে কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে এসে পুলিশের হাতে আটক কিশোরীকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে তেঁতুলিয়া উপজেলার পুরাতন বাজার তেলিপাড়া এলাকায় সীমান্তের শূন্য রেখায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকে ওই কিশোরীকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পতাকা বৈঠকে বিএসএফের হাফতিয়া ক্যাম্পের সহকারী কমান্ড্যান্ট কমল সিং এবং বিজিবি তেঁতুলিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. আব্দুল মোতালেব অংশ নেন। এ সময় দুই দেশের পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

ভারতের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার হরিয়ানি গ্রাম থেকে ওই কিশোরী গতকাল বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মহানন্দা নদী পেরিয়ে সীমান্তবর্তী গ্রামের একটি বাড়িতে আশ্রয় নেয়।

খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ দুপুরে তাকে আটক করে পুলিশ।

পরে পু্লিশ ভারতীয় কিশোরী আটকের ঘটনাটি বিজিবিকে জানানো হলে বিজিবি গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠকে এটি আনুষ্ঠানিকভাবে বিএসএফকে জানায়।

এর পরিপ্রেক্ষিতে আজ দুপুরে একই সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ওই কিশোরীকে হস্তান্তরের প্রক্রিয়া শেষ হয়।

পুলিশ জানায়, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রতনদিঘী এলাকার আব্দুল লতিফ ওরফে রকিব (২১) কয়েক বছর আগে ভারতে পালিয়ে গিয়ে কেরালা রাজ্যের একটি হোটেলে কাজ নেন। সে সময় ওই কিশোরীর সঙ্গে তার প্রেম হয়।

৩ মাস আগে তারা ভারতে বিয়ে করেছিলেন বলে দুজনেই দাবি করেন।

সম্প্রতি আব্দুল লতিফ বাংলাদেশে চলে আসে এবং ওই কিশোরী তার খোঁজে বাংলাদেশে অনুপ্রবেশ করে।