বাগেরহাটে দেশীয় অস্ত্র নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর

নিজস্ব সংবাদদাতা, বাগেরহাট

বাগেরহাটের চিতলমারীতে জমি নিয়ে বিরোধের জেরে দেশীয় অস্ত্র নিয়ে দু'গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার দুপুরে চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের মাচান্দপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের চিফ কো-অর্ডিনেশন ইনসপেক্টর অব পুলিশ এস এম আশরাফুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'সংঘর্ষের পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। কোনো পক্ষ আইনি সাহায্য চাইলে পুলিশ আইনি অনুযায়ী ব্যবস্থা নেবে।'

তিনি আরও বলেন, 'মোহাম্মদ রহমান শেখ (৪২) ও কাওসার শেখের লোকজনের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষ হয়। মোহাম্মদ রহমান শেখের পক্ষে চিংগুড়ির ইউপি সদস্য মো. সোহাগ শেখ এবং কাওসারের পক্ষে মচন্দপুর গ্রামের মানুষ এই সংঘর্ষে অংশ নেন। সংঘর্ষে রহমান গ্রুপের মো. আকরাম আহত হন। সংঘর্ষের সময় কাওসার শেখ ও সুমন শেখের বাড়িতে ভাঙচুর করা হয়েছে।'

মচন্দপুর গ্রামের ইউপি সদস্য আমানুল্লাহ ফয়জুল বলেন, 'জমি নিয়ে বিরোধের জের ধরে কাওসার ও রহমানের সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এখন পরিস্থিতি শান্ত। আমি কলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশাহ মিয়ার নেতৃত্বে উভয়পক্ষের সঙ্গে কথা বলেছি। স্থানীয়দের ব্যক্তিদের নিয়ে সালিশের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।'

এ বিষয়ে জানতে মোহাম্মদ রহমান শেখ (৪২) ও কাওসার শেখ ও ইউপি সদস্য মো. সোহাগ শেখের যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।