বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের ন্যূনতম মূল্য ৪ লাখ ৬৩ হাজার টাকা
বেসরকারি ব্যবস্থাপনায় এবছর পবিত্র হজ পালনে জনপ্রতি ন্যূনতম ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা খরচ হবে বলে জানিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (হাব)।
রাজধানীর কাকরাইলে আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেন।
দ্বি-পাক্ষিক হজচুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জনসহ সর্বমোট ৫৭ হাজার ৫৮৫ জন হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাওয়ার সুযোগ পাবেন।
যারা হজ পালনে গিয়ে কোরবানি দিতে চান, তাদের খরচ আরও বাড়বে বলেও জানিয়েছেন হাব সভাপতি।
তিনি বলেন, 'কোরবানির খরচ বাবদ প্রত্যেক হজযাত্রীকে ৪১০ সৌদি রিয়াল সমপরিমাণ ১৯ হাজার ৬৮৩ টাকা আলাদাভাবে নিজ দায়িত্বে সঙ্গে নিতে হবে।'
বেসরকারি ব্যবস্থাপনায় ন্যূনতম খরচ নির্ধারণ করা প্যাকেজটির নাম দিয়েছে 'সাধারণ প্যাকেজ'। এ ছাড়াও প্রত্যেক এজেন্সি নিজ নিজ স্পেশাল প্যাকেজ করতে পারবেন, তবে কোনো প্যাকেজই হাব ঘোষিত সর্বনিম্ন প্যাকেজ মূল্যের চেয়ে কম হবে না।
শাহাদাত হোসাইন বলেন, 'সাধারণ প্যাকেজের হজযাত্রীদের পবিত্র হারাম শরিফের বাইরের চত্বরের সীমানার এক কিলোমিটার থেকে দেড় কিলোমিটার দূরত্বে আবাসনের ব্যবস্থা করা হবে।'
প্যাকেজ ঘোষণার পর সৌদি সরকার অতিরিক্ত কোনো ফি আরোপ করলে তা হজযাত্রীকে পরিশোধ করতে হবে বলেও জানিয়েছে হাব।
এর আগেই গতকাল সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের ক্ষেত্রে দুইটি হজ প্যাকেজ ঘোষণা করে ধর্ম মন্ত্রণালয়। পাশাপাশি বেসরকারি ব্যবস্থাপনায় যেতে ইচ্ছুক হাজিদের জন্য সর্বনিম্ন টাকার একটি হজ প্যাকেজ এর ও প্রস্তাব করা হয়েছে।
প্যাকেজ-১ এ হজে যেতে ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা খরচ হবে। এ প্যাকেজের যাত্রীরা মসজিদুল হারামের ১ হাজার মিটার দূরত্বের মধ্যে থাকবেন। সর্বনিম্ন প্যাকেজ ৪ লাখ ৬২ হাজার টাকা (প্যাকেজ-২) নির্ধারণ করা হয়েছে। এ প্যাকেজের আওতায় হজযাত্রীরা মক্কার মসজিদুল হারামের ১ হাজার ৫০০ মিটারের মধ্যে অবস্থান করবেন।
মন্ত্রী বলেন, বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য ৪ লাখ ৫৬ হাজার ৫৩০ টাকার প্যাকেজ প্রস্তাব করা হয়েছে। তবে বেসরকারি ব্যবস্থাপনার হজ এজেন্সিগুলো সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ-১ ও প্যাকেজ-২ এর সঙ্গে মিল রেখে একাধিক প্যাকেজ ঘোষণা করতে পারবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। ২০২০ সালের তুলনায় সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ-১ এর দাম বেড়েছে ১ লাখ ২ হাজার ৩৪০ টাকা এবং প্যাকেজ-২ এর দাম বেড়েছে ১ লাখ ২ হাজার ১৫০ টাকা।