শান্তিরক্ষা মিশন পরিদর্শনে বিদেশ যেতে চায় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের কার্যক্রম দেখতে বিদেশ সফরে যেতে চায় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।
আজ বুধবার জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির সভায় এ বিষয়ে প্রস্তাব করা হয়।
কমিটির পক্ষ থেকে বলা হয়, জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে কর্মরত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রম দেখতে কমিটি বিদেশ যেতে চায়।
কমিটির এই সুপারিশের পরিপ্রেক্ষিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, করোনা পরিস্থিতি বিবেচনা করে আগামী জুলাই–আগস্টের যে কোনো সুবিধাজনক সময়ে মিশন এলাকায় সফর সম্পন্ন করার পরিকল্পনা আছে।
তবে কোথাও ও কবে সফর হবে তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়।
সংসদীয় কমিটি সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে এই কমিটি চলতি একাদশ সংসদে ২ বার শান্তি রক্ষা মিশন পরিদর্শনে গিয়েছিল।
সূত্র জানায়, গত বছরের শেষ দিকে শান্তিরক্ষা মিশন এলাকাগুলো পরিদর্শনের ব্যবস্থা করতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছিল সংসদীয় কমিটি।
গত ডিসেম্বরে অনুষ্ঠিত কমিটির বৈঠকে মন্ত্রণালয় জানিয়েছিল, সশস্ত্র বাহিনী বিভাগ থেকে জানানো হয়েছে যে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রম সরেজমিন পরিদর্শনের বিষয়ে কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। তবে এখন পর্যন্ত এই সফর হয়নি।
বৈঠকের কার্যবিবরণী থেকে জানা যায়, গত ফেব্রুয়ারি মাসে সংসদীয় কমিটির বৈঠকে ওই সফরের বিষয়ে আবার আলোচনা হয়। কমিটির সদস্য মোতাহার হোসেন এ বিষয়ে আলোচনা তুলেছিলেন।
পরে কমিটি আবারও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নিকটতম সুবিধাজনক সময়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনগুলোতে কর্মরত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রম পরিদর্শনের সফরসূচি নির্ধারণ করতে বলে।
এ বিষয়ে আজকের বৈঠকে অগ্রগতি তুলে ধরে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, সশস্ত্র বাহিনী বিভাগ থেকে জানানো হয়েছে যে করোনা পরিস্থিতি বিবেচনা করে আগামী জুলাই–আগস্ট মাসের যে কোনো সুবিধাজনক সময়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এলাকা সফর সম্পন্ন করার পরিকল্পনা প্রক্রিয়াধীন আছে।
ফিল্ড মিশনের সঙ্গে সমন্বয় করে বিস্তারিত সফর পরিকল্পনা শিগগির পাঠানো হবে।
এ বিষয়ে জানতে চাইলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য মোতাহার হোসেন বলেন, 'আগামী জুলাই-আগস্টে এই সফর হবে বলে সিদ্ধান্ত হয়েছে। কমিটি গত ৩ বছরে কোনো সফর করেনি।'
'দেশের ছেলেরা বিদেশে কাজ করছেন, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য কমিটি এই সফরে যায়। এখানে স্বার্থের সংঘাত হওয়ার মতো কোনো বিষয় নেই,' যোগ করেন তিনি।
এর আগে সম্প্রতি অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির এক সভায় রেলের কার্যক্রম দেখতে কোরিয়া, চীন অথবা জাপান সফর করার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছিল।