‘সিলিং ফ্যান’ পড়ে আহত সাবেক প্রতিমন্ত্রী মুরাদ, বাসায় চিকিৎসা নিচ্ছেন
ছাদ থেকে 'সিলিং ফ্যান' খুলে পড়ায় আহত হয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। জামালপুরের সরিষাবাড়ীতে নিজ বাড়ির ৩ তলায় গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
তবে আঘাত গুরুতর নয় এবং বর্তমানে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন।
আজ শুক্রবার সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশিষ রাজবংশী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'সিলিং ফ্যান খুলে পড়ে ডা. মুরাদ আহত হলে গতকাল রাত ৮টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে খবর দেওয়া হয়। তখন আমি ৩ সহযোগীসহ তার বাসায় যাই।'
'তার কপালের ডান পাশে কেটে যায়। আমরা গিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছি,' বলেন তিনি।
তিনি জানান, মুরাদ হাসানের আঘাত গুরুতর নয়। বর্তমানে তিনি বাসাতেই আছেন।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক ডেইলি স্টারকে বলেন, 'আমরা খবরটি শুনেছি।'
