সোহেল হাজারীর সংসদ সদস্য পদ কেন অবৈধ নয় জানতে চেয়েছেন হাইকোর্ট
হলফনামার তথ্য গরমিল থাকায় টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারীর সংসদ সদস্য পদ বহাল থাকা কেন অবৈধ হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ একটি রুল জারি করেন এবং আগামী ৪ সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে, গত রোববার আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমান টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারীর এমপি পদের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট করেন।
আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট বোরহান উদ্দিন খান।
অ্যাডভোকেট বোরহান উদ্দিন খান দ্য ডেইলি স্টারকে বলেন, হলফনামায় সংসদ সদস্য হাসান ইমাম খানের শিক্ষাগত যোগ্যতায় গরমিল আছে উল্লেখ করে গত বছরের ২৫ জুলাই চিঠি দেন রিটকারী স্থানীয় বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমান। পরে বিতর্কের বিষয়টি নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনে পাঠানোর অনুরোধ করা হয়। কিন্তু, নির্বাচন কমিশন থেকে কোনো সিদ্ধান্ত না দেওয়ায় তার সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন মোখলেসুর রহমান।
তিনি আরও বলেন, রিটে নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে হাছান ইমান খানের সংসদ সদস্য পদ বাতিলের দাবি করা হয়েছে।