১৫ হাজার লিটার সয়াবিন তেল মজুত, যাত্রাবাড়ীর ৩ ব্যবসায়ীকে জরিমানা
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ১৫ হাজার লিটার সয়াবিন তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রি করার দায়ে ৩ ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন র্যাব-৩ এর ভ্রাম্যমাণ আদালত।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সোমবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় ওই অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি অভিযানিক দল জানতে পারে- রাজধানীর উত্তর যাত্রাবাড়ী এলাকায় কিছু মুদি ব্যবসায়ী বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুদ করে সরকার নির্ধারিত দামের চেয়ে লিটার প্রতি ৩৪ টাকা বেশি দামে ভোজ্য তেল বিক্রি করছে। ওই সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তর যাত্রাবাড়ী এলাকায় আজ সোমবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডলের উপস্থিতিতে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অভিযানে অদ্বিতি ট্রেডার্সের মালিককে ৫০ হাজার টাকা, মেসার্স সিফাত ট্রেডিংয়ের মালিককে ৫০ হাজার টাকা এবং মেসার্স মিন্টু স্টোরের মালিককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত এসব দোকানে ১৫ হাজার লিটার সয়াবিন তেল মজুতের সন্ধান পান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব প্রতিষ্ঠানের মালিকরা তাদের অপরাধ স্বীকার করেছেন বলে র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।