১৬ ঘণ্টায় স্পিডবোট-লঞ্চে ১ লাখ ঢাকামুখী যাত্রীর পদ্মাপাড়ি

নিজস্ব সংবাদদাতা, মুন্সিগঞ্জ

পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে গত ১৬ ঘণ্টায় প্রায় ১ লাখ মানুষ ঢাকার উদ্দেশ্যে পদ্মাপাড়ি দিয়েছেন।

রোববার ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৫৫টি স্পিডবোট ও ৮৫টি লঞ্চের মাধ্যমে তারা পদ্মা পার হন।

শিমুলিয়া নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক এবং সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহাদাত হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে লঞ্চ ও স্পিডবোট মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে আসে। যাত্রীরা সেখান থেকে গণপরিবহণের মাধ্যমে ঢাকাসহ আশেপাশের জেলায় চলে যান।

মো. শাহাদাত হোসেন জানান, রোববার তৃতীয় দিনের মতো মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীর চাপ ছিল।

ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বাংলাবাজার ঘাট থেকে লঞ্চের ২৮৭টি ট্রিপ হয় শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে।

প্রায় ৯৫ হাজার যাত্রী লঞ্চে ও ৫ হাজার মানুষ স্পিডবোটের মাধ্যমে পার হয়েছেন বলে জানান তিনি।