২১ ফেব্রুয়ারি: সন্ধ্যা থেকে রাজধানীর যেসব সড়কে যান চলাচল বন্ধ

স্টার অনলাইন রিপোর্ট

 

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার পথনির্দেশিকাসহ প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গতকাল শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পলাশী মোড় থেকে এস এম হল হয়ে জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে প্রবেশ করা যাবে। আর শহীদ মিনার থেকে বের হতে রোমানা চত্ত্বর ও দোয়েল দোয়েল চত্বরের দিকের রাস্তা ব্যবহার করতে হবে। কোনোভাবেই প্রবেশের রাস্তা দিয়ে বের হওয়া যাবে না।

যেসব রাস্তা বন্ধ থাকবে: বকশীবাজার-জগন্নাথহল ক্রসিং সড়ক, চাঁনখারপুল-রোমানা চত্বর ক্রসিং সড়ক, টিএসসি-শিববাড়ী মোড় ক্রসিং, উপাচার্য ভবন-ভাস্কর্য ক্রসিং (ফুলার রোড)।

এ ছাড়া ডিএমপির দেওয়া নির্দেশনা অনুসারে আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার দুপুর ২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যত্রতত্র অনুপ্রবেশ বন্ধ থাকবে। এক্ষেত্রে নীলক্ষেত, পলাশী মোড়, ফুলার রোড, বকশীবাজার, চাঁনখারপুর, শহীদুল্লাহ হল, দোয়েল চত্বর, জিমনেশিয়াম, রোমানা চত্বর, হাইকোর্ট, টিএসসি ও শাহবাগ ইন্টারসেকশনে রোড ব্লক দিয়ে ডাইভারশন দেওয়া হবে।

২১ ফেব্রুয়ারি ভোর ৫টায় সায়েন্সল্যাব থেকে নিউমার্কেট ক্রসিং, কাঁটাবন ক্রসিং থেকে নীলক্ষেত ক্রসিং ও ফুলবাড়িয়া ক্রসিং থেকে চাঁনখারপুল ক্রসিং পর্যন্ত প্রভাতফেরির জন্য সব ধরনের যাত্রীবাহী গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকবে।

একুশের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম মাঠে ভিআইপি গাড়িগুলো পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। অন্যরা নীলক্ষেত-পলাশী, পলাশী-ঢাকেশ্বরী সড়কে তাদের গাড়ি পার্কিং করতে পারবেন।

করোনা পরিস্থিতিতে সাধারণ নির্দেশনাবলি

কবরস্থান ও শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ ও পুষ্পস্তবক অর্পণ যারা করবেন, তাদের মাস্ক পরিধানের অনুরোধ করা হয়েছে ডিএমপির নির্দেশনায়। অন্যদের অসুবিধার কথা ভেবে রাস্তায় বসা বা দাঁড়ানো থেকে বিরত থাকা, সর্বসাধারণের চলাচলের সুবিধার জন্য ওপরে বর্ণিত রাস্তায় কোনো প্রকার প্যান্ডেল তৈরি না করার জন্য অনুরোধ করা হয়েছে।

শহীদ মিনারে ঢোকার ক্ষেত্রে আর্চওয়ের মাধ্যমে তল্লাশি শেষে সারিবন্ধভাবে সবাইকে প্রবেশ করতে হবে। এ সময় সঙ্গে কোনো ধরনের ব্যাগ বহন না করার অনুরোধ করা হয়েছে।

শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। পরে তিনি সাংবাদিকদের জানান, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ৩ শিফটে ৬ স্তরের নিরাপত্তায় নিয়োজিত থাকবে পুলিশ। প্রতিটি প্রবেশ পথে চেকপোস্ট ও ভেতরের এলাকায় ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো থাকবে। ইউনিফর্মধারী সদস্যের পাশাপাশি সাদা পোশাকে বিপুল সংখ্যক পুলিশ এদিন মোতায়েন থাকবে। এছাড়া, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট, ডিবি, র‌্যাব ও সোয়াত টিম দায়িত্ব পালন করবে।