মমেক হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে সর্বোচ্চ মৃত্যু ৩০
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু হয়েছে। এটি এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এদের মধ্যে ১৬ জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের করোনার উপসর্গ দেখা দিয়েছিল।
আজ শুক্রবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, করোনায় মারা যাওয়া ১৬ জনের মধ্যে ছয় জনের বাড়ি নেত্রকোণায়, ছয় জন ময়মনসিংহ, দুই জন টাঙ্গাইল, দুই জন জামালপুর ও একজন গাজীপুরের বাসিন্দা। উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৪ জনের মধ্যে সাত জনই ময়মনসিংহের বাসিন্দা। এ ছাড়া, তিন জন নেত্রকোণা, দুই জন জামালপুর, একজন শেরপুর ও একজনের বাড়ি সুনামগঞ্জে।
হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭ জন। হাসপাতালে মোট ভর্তি আছেন ৫২৫ জন। এর মধ্যে ২৩ জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে— বলেন ডা. মহিউদ্দিন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭১১টি নমুনা পরীক্ষা করে ৪০২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৪৯ শতাংশ। এ নিয়ে জেলায় মোট ১৭ হাজার ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৩৪৯ জন।