বাবার মুখে পেলের গল্প শুনেই ব্রাজিলের ভক্ত বিউটি
শৈশবের স্মৃতিতে আছে গ্রামের মাঠ, বাবার মুখে পেলের গল্প ও ব্রাজিলের হলুদ জার্সি। সময়ের সঙ্গে তিনি হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী। কিন্তু ফুটবলের প্রতি টান বদলায়নি। বিশ্বকাপ এলে এখনো মন পড়ে থাকে ব্রাজিলের খেলায়। সংগীতশিল্পী বিউটি বললেন তার ফুটবলপ্রেমের গল্প।
ফুটবল নিয়ে প্রশ্ন করতেই বিউটি হেসে বললেন, ‘ছোটবেলা থেকেই ব্রাজিল সমর্থন করি। ফুটবল আমার খুব প্রিয় খেলা।’
তার ফুটবলপ্রেমের শুরু শৈশবেই। গ্রামের মাঠে তখন সবাই ফুটবল খেলত। সেই পরিবেশ থেকেই ফুটবলের প্রতি টান তৈরি হয়। আর ব্রাজিলের নান্দনিক ফুটবল তাকে সবসময় মুগ্ধ করে।
তবে ব্রাজিলের প্রতি ভালোবাসার পেছনে আছে দুটি বিশেষ কারণ আছে।
প্রথম কারণ—তার বাবা।
বিউটির বাবা নিজেও ব্রাজিলের সমর্থক। ছোটবেলায় বাবার কাছ থেকেই তিনি ব্রাজিল দলের গল্প শুনেছেন। শুনেছেন কিংবদন্তি ফুটবলার পেলের গল্পও।
দ্বিতীয় কারণ—স্কুলের পাঠ্যবই।
বিউটি বলেন, আমাদের বইয়ে পেলেকে নিয়ে একটি গল্প ছিল। সেই গল্প পড়ে আমি ভীষণ মুগ্ধ হয়েছিলাম। তখনই জানতে পারি কেন তাকে ‘কালো মানিক’ বলা হতো। ফুটবলে তার অসাধারণ অবদান আমাকে ব্রাজিলের দলের প্রতি আরও ভালো লাগা তৈরি করে।
এবারের বিশ্বকাপের প্রায় সব দলের খেলাই দেখেছেন বিউটি।
তার ভাষ্য, বিশ্বকাপে যারা আসে, সবাই ভালো দল। প্রতিটি দলের খেলার ধরন আলাদা। ব্রাজিলের খেলা যেমন ভালো লাগে, তেমনি জাপানের খেলাও দারুণ উপভোগ করেছি।
ব্রাজিল চ্যাম্পিয়ন হবে—এমন প্রত্যাশা কি আছে?
উত্তরে বিউটি বললেন, যে যার দলকে ভালোবাসে, সবাই চায় নিজের দলই শিরোপা জিতুক। আমিও চাই ব্রাজিল চ্যাম্পিয়ন হোক। এখন দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।
নেইমারকে নিয়েও আক্ষেপ আছে তার।
‘নেইমার এবার সেভাবে খেলতে পারছেন না। তিনি পুরো ফিট থাকলে ব্রাজিল আরও শক্তিশালী হতো। তারপরও দলের খেলায় যে ছন্দ আছে, সেটাই আমাকে আশাবাদী করে,’ এভাবেই বললেন বিউটি।
ব্রাজিলের সমর্থক হলেও অন্য দলের খেলাও তিনি উপভোগ করেন। বিশেষ করে লিওনেল মেসির প্রশংসা করতে একটুও কার্পণ্য করেন না।
বিউটির ভাষায়, মেসি তো সেরা খেলোয়াড়। শত বছরে একজন মেসি আসে। আমি ব্রাজিল সমর্থন করি, কিন্তু সব দলের খেলাই দেখি। মেসির খেলাও খুব ভালো লাগে।
ফুটবল নিয়ে উচ্ছ্বাসের পাশাপাশি গান নিয়েও সমান ব্যস্ত সময় কাটছে এই শিল্পীর। সম্প্রতি প্রকাশ পেয়েছে তার নতুন গান ‘আমি হারাইছি যারে’।
বিউটি বলেন, সারা বছরই নতুন গান করার চেষ্টা করি। শ্রোতাদের ভালো লাগার কথা ভেবেই কাজ করি।
গান ও ফুটবল, দুই ভালোবাসাই সমান যত্নে লালন করে চলেছেন এই সংগীতশিল্পী।