চারুকলা আমাদের শেকড়: বিপাশা হায়াত
অভিনয়শিল্পী বিপাশা হায়াতের চেয়ে চিত্রশিল্পী বিপাশা হায়াত এখন বেশি সরব। দেশে-বিদেশে তার আঁকা ছবি নিয়ে প্রদর্শনী হচ্ছে এবং তিনি প্রশংসা কুড়াচ্ছেন। বেশ কয়েক বছর ধরে তিনি ছবি আঁকায় বেশি মগ্ন হয়েছেন।
থিতু হয়েছেন আমেরিকায়, সেখানে বসেই শিল্পীর কাজটা করে যাচ্ছেন।
আন্তর্জাতিক অঙ্গনে তার পরিচিতি বেড়েছে একজন শিল্পী হিসেবে।
বিপাশা হায়াত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পড়ালেখা করেছেন। অভিনয়জীবনে তিনি সফল। শীর্ষ তারকার খেতাব পেয়েছেন বহু আগে। নাটকে ও সিনেমায় নন্দিত হয়েছেন। নাট্যকার হিসেবেও সফল তিনি।
আগুনের পরশমনি সিনেমায় অভিনয় করে সবার ভালোবাসা যেমন পেয়েছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।
এখন অভিনয়ে তিনি অনিয়মিত। বলা যায়, অনেক দিন অভিনয় করেননি। কিন্তু ছবি আঁকা চলছেই।
এবার দেশে এসেছেন কিছুদিন আগে। দেশে এসে গিয়েছিলেন চারুকলায়।
চারুকলায় তিনি ছবি আঁকছেন—এই রকম একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে আর প্রশংসায় ভাসছে।
চারুকলায় কত দিন পর গেলেন? এমন প্রশ্নের জবাবে বিপাশা হায়াত বলেন, চারুকলা আমার ভীষণ পছন্দের জায়গা। ওখানে আমি পড়াশোনা করেছি। কাজেই এটা খুব পছন্দের জায়গা।
তিনি বলেন, ‘যখনই দেশে আসি চারুকলায় যাই। ভালো লাগে। কত স্মৃতি চোখে ভাসে। কত কী শিখেছি।’
‘চারুকলা আমাদের শেকড়। শেকড়ের টানেই ছুটে যাই’, যোগ করেন এই দর্শকনন্দিত অভিনেত্রী।

