বিচ্ছেদের ঘোষণায় যা বললেন প্রীতম ও শেহতাজ
বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম।
রোববার রাত ১০টা ৪১ মিনিটের দিকে সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান প্রীতম। এর এক মিনিট পর নিজের প্রোফাইলে পোস্ট দেন শেহতাজ।
পোস্টে প্রীতম লেখেন, ‘আমি ও শাহতাজ পারস্পরিক বোঝাপড়ায় আমাদের দশ বছরের পথচলার পর আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরও লেখেন, ‘একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য আমরা দুজনই কৃতজ্ঞ। একে অপরের প্রতি আমাদের সম্মান ও শুভকামনা সবসময়ই থাকবে। তবে সময়ের সঙ্গে আমরা উপলব্ধি করেছি যে, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়া আমাদের দুজনের জন্যই ভালো হবে।’
নিজেদের মধ্যে আলোচনা, পরিবারের সমর্থন ও সম্মতি নিয়ে তারা এ সিদ্ধান্তে পৌঁছেছেন বলেও জানান দুজন।
শেহতাজও একই পোস্ট দেন।
তিনি লেখেন, ‘আমাদের পরিবারের সমর্থনে ডিভোর্সের দিকে এগোচ্ছি আমরা।’
জীবনের এই পরিবর্তনের সময়ে ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ পোস্টে জানান শেহতাজ।
২০২২ সালের ২৮ অক্টোবর বিয়ে করেন এ জুটি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

