নিউইয়র্কের মঞ্চে প্রথমবার বন্যা মির্জা

শাহ আলম সাজু
শাহ আলম সাজু

বন্যা মির্জা একজন গুণী অভিনেত্রী। দীর্ঘদিন ধরে মঞ্চ ও টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকদের ভালোবাসা পেয়েছেন। একসময় নিয়মিত টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। তার ক্যারিয়ারে রয়েছে বেশ কিছু প্রশংসিত নাটক। ঢাকার মঞ্চেও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন বন্যা মির্জা। এবার সেখানকার মঞ্চে অভিনয় করতে যাচ্ছেন। নিউইয়র্কে মঞ্চস্থ হতে যাচ্ছে তার অভিনীত নতুন নাটক ‘নেমেসিস’।

নাটকটির রচনা করেছেন মাসুম রেজা। নির্দেশনা দিচ্ছেন খায়রুল ইসলাম পাখি। তিনি দীর্ঘদিন ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। নাটকটির প্রযোজনা করছে থিয়েটার ৭১।

আগামী ৫ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যামাইকা এলাকায় নেমেসিস-এর প্রথম প্রদর্শনী হবে। একই দিনে নাটকটির দুটি শো অনুষ্ঠিত হবে। প্রথমটি বিকেল ৫টায় এবং দ্বিতীয়টি সন্ধ্যা ৭টায়।

নিউইয়র্কের মঞ্চে প্রথমবার অভিনয় করা নিয়ে উচ্ছ্বসিত বন্যা মির্জা।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘প্রথমত ভালো লাগছে এজন্য যে আমরা একটি নাটক নিয়ে দর্শকদের সামনে আসতে যাচ্ছি। এটা আমার জন্য অনেক আনন্দের। অনেক বেশি ভালো লাগার। কেননা, এটি মঞ্চনাটক। মঞ্চে অভিনয়ের অন্যরকম আনন্দ কাজ করে।’

তিনি আরও বলেন, ‘নিউইয়র্কের মতো জায়গায় বাংলাদেশের বাংলা ভাষার নাটক নেমেসিস মঞ্চস্থ হচ্ছে। এই বিষয়টির জন্যও অনেক ভালো লাগা কাজ করছে।’

নাটকটি নিয়ে আশাবাদী বন্যা মির্জা। নাটকটির মহড়াও চলছে বেশ কিছুদিন ধরে।

এ প্রসঙ্গে বন্যা মির্জা বলেন, ‘নেমেসিস নাটকটির মহড়া চলছে বেশ কিছুদিন ধরে। কতটুকু করতে পেরেছি, তা দর্শকরা দেখার পর বলতে পারবেন। আমাদের চেষ্টার ত্রুটি নেই। আমরা চেষ্টা করছি।’

নিউইয়র্কে বাংলা নাটকের চর্চা অব্যাহত রাখার বিষয়টিও তাকে আনন্দিত করছে।

বন্যা বলেন, ‘নিউইয়র্কের মতো জায়গায় বাংলাদেশের বাংলা নাটকের মঞ্চায়ন হবে, এই বিষয়টি আমাকে আনন্দিত করেছে। নাটক মঞ্চায়ন, নাটকের চর্চা অব্যাহত থাকুক এই চেষ্টা করে যাব।’

এদিকে ঢাকায় সবশেষ পারো নামে একটি একক নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন বন্যা মির্জা। নাটকটির নাট্যকার ও নির্দেশকও মাসুম রেজা। এর আগে ঢাকার মঞ্চে জলবাসর নাটকেও অভিনয় করেছেন তিনি।

বন্যা মির্জা দীর্ঘদিন ধরে দেশ নাটকের সঙ্গে যুক্ত। মঞ্চের পাশাপাশি টেলিভিশনেও তার বেশ কিছু উল্লেখযোগ্য কাজ রয়েছে।
এবার নিউইয়র্কের মঞ্চে ‘নেমেসিস’ দিয়ে নতুন অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছেন এই অভিনেত্রী।